বাঁশখালীতে থানার পাশে মিছিলে নেতৃত্ব দেওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে থানার আধা কিলোমিটারের মধ্যে মহাজনঘাটা এলাকায় প্রধান সড়কে মিছিলে নেতৃত্ব দেওয়া ছাত্রলীগ নেতা পারভেজ হোসেন (২০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কক্সবাজার শহরের কলাতলি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার পারভেজ উপজেলার সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনা আনন্দ পাড়া এলাকার মোহাম্মদ বদিউল আলমের ছেলে।
জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজের সময় বাঁশখালী প্রধান সড়কের দারোগা বাজার মহাজনঘাটা এলাকায় ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। ওই মিছিলের নেতৃত্ব দেন পারভেজ। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হলে পুলিশ তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, দিনদুপুরে মহাজনঘাটা এলাকায় মিছিলে নেতৃত্ব দেওয়া পারভেজকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এ ঘটনায় আরও তিনজনকে আটক করা হয়েছিল।












