বান্দরবানের দুর্গম জনপদে সাচিংপ্রু জেরীর গণসংযোগ, উন্নয়নের প্রতিশ্রুতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান (৩০০ নম্বর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরী রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন দুর্গম ও প্রত্যন্ত এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি উপজেলার কচ্ছপতলী, ব্যাংছড়ি, লুলাইং ও পাগলাছড়াসহ বিভিন্ন পাড়ায় ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে সাচিংপ্রু জেরী স্থানীয় বাসিন্দাদের অভাব-অভিযোগ ও সমস্যার কথা শোনেন। দুর্গম পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “নির্বাচিত হলে পাহাড়ে টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। এই জনপদের মানুষের দুঃখ-কষ্ট লাঘব করাই আমার মূল লক্ষ্য।”
এর আগে সাচিংপ্রু জেরী রোয়াংছড়ি সদরে পৌঁছালে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। প্রিয় প্রার্থীকে কাছে পেয়ে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।
প্রচারণাকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক মো. ওসমান গনি, আব্দুল কুদ্দুস, আব্দুল মাবুদ ও সিংসাপ্রু কেসি প্রমুখ। এছাড়া বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এই গণসংযোগে অংশ নেন।












