বান্দরবানে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন-সম্প্রসারণ প্রকল্প উদ্বুদ্ধকরণ ভ্রমণ
বাংলাদেশের পার্বত্য অঞ্চলে উচ্চমূল্যের ফসল হিসেবে কাজুবাদাম ও কফি উৎপাদন সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ গুরুত্ব পাচ্ছে। এ প্রেক্ষিতে “কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় বান্দরবানে থানচি উপজেলার সম্ভাবনা যাচাই, মাঠ পর্যায়ে অবস্থা মূল্যায়ন এবং কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে একটি উদ্বুদ্ধকরণ ভ্রমণের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ডিসেম্বর) সকালে রুমা, লামা, রোয়াংছড়ি, আলীকদম, বান্দরবান সদর ও থানচি উপজেলার ৪০জন কৃষক-কৃষাণীদের নিয়ে কৃষকদের মাঝে বাগান পরিদর্শন, মতবিনিময় সভা, প্রযুক্তিগত সহায়তা প্রদান ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম উন্নয়নের জন্য বান্দরবান-থানচি দিকে মাঠ পর্যায়ে পরিদর্শন ও ভ্রমণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় থানচি টিএনটি পাড়ার কাজুবাদাম ও কফি চাষের উপযোগিতা যাচাই করার জন্য কাজুবাদাম ফ্যাক্টোরিতে পরিদর্শন, চলমান বাগানসমূহের অবস্থা পরিদর্শন করা, স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় ও প্রযুক্তিগত পরামর্শ প্রদান, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে কৃষকদের সম্পৃক্ততা বাড়ানো, সম্প্রসারণ কার্যক্রমের বাস্তব চ্যালেঞ্জ ও সুযোগগুলো বিশ্লেষণ করার পরে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই ভ্রমণে উপস্থিত ছিলেন, জেলা পরিষদে সদস্য রেভা. লালজার লম বম, সদস্য খামলাই ম্রো, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আল ফয়সাল , বান্দরবানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন,থানচি কৃষি অফিসার মো. ওয়াহিদ হোসেনসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মীরা প্রমুখ।
পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার পর বান্দরবান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, পাহাড়ি ভূমিতে কাজুবাদাম ও কফি চাষের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। কৃষকদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, তবে প্রযুক্তিগত জ্ঞান সীমিত। রাস্তা, পরিবহন ও সংগ্রহস্থল অভাবজনিত সমস্যার কারণে বাজার সংযোগ চ্যালেঞ্জপূর্ণ। পানি সংরক্ষণ, সেচ সুবিধা ও নার্সারি আরো উন্নয়ন করা প্রয়োজন।
তিনি আরো বলেন,পাহাড়ে কাজুবাদাম ও কফির প্রদর্শনী প্লট বৃদ্ধি, কৃষকদের জন্য ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি,
রোগবালাই ব্যবস্থাপনার উপর বিশেষ জোর, বাজার সংযোগ ও প্রক্রিয়াজাতকরণ সুবিধা উন্নয়ন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বাণিজ্যিকীকরণ ত্বরান্বিত করার জন্য উর্ধ্বতন কর্মকতাদের সুপারিশ করা হয়েছে।
উদ্বুদ্ধকরণ ভ্রমণ কৃষক-কৃষাণীদের অত্যন্ত লাভবানজনক। থানচি অঞ্চলে কাজুবাদাম ও কফি চাষের ব্যাপক সম্ভাবনা দেখা গেছে যা স্থানীয় অর্থনীতি ও কৃষকের জীবিকায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। ধারাবাহিক গবেষণা, সম্প্রসারণ ও কৃষক সহায়তা কার্যক্রম জোরদার হলে প্রকল্পটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে।











