বান্দরবানে গাড়ি তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার: চালক আটক, প্রাইভেট কার জব্দ

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে ইয়াবার বড় একটি চালান উদ্ধার করেছে বান্দরবান সদর থানার পুলিশ। এ ঘটনায় প্রাইভেট কারের চালক জাকিরকে (৩৩) আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালায় পুলিশের একটি আভিযানিক দল। এ সময় গাড়িটির বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩ বান্ডিল ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে প্রাইভেট কারের চালক জাকিরকে আটক করে থানায় নেওয়া হয়। পুলিশের গণনামতে ১৩ বান্ডিলে প্রায় ২০ হাজার পিস ইয়াবা ছিল।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক গাড়িচালক জানান, তিন যুবক চট্টগ্রাম থেকে প্রাইভেট কারটি ভাড়া করে কক্সবাজার যায়। তাকে হোটেলে রেখে ওই তিন যুবক প্রাইভেট কারটি নিয়ে বের হয়ে তার অজান্তে গাড়িতে ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রাখে। আজ সকালে তারা বান্দরবানে প্রবেশের সময় মাঝপথে নেমে যায় এবং তাকে বান্দরবানের কোনো এক জায়গায় গাড়ি পার্কিং করে অপেক্ষা করতে বলে। তাদের কথামতো বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় গাড়ি পার্কিং করলে পুলিশ তাকে আটক করে।

এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার ওয়াহাবুল ইসলাম খন্দকার বলেন, গতকাল জেলায় মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল এমপিও উপস্থিত ছিলেন। তিনি বলেন, মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ধারাবাহিকতায় শুক্রবার সকালে ইয়াবার একটি বড় চালানসহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ সময় গাড়ির চালককে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার সঠিক সংখ্যা গণনা এবং এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।
পুলিশ সুপার আরও বলেন, বান্দরবানকে মাদকমুক্ত রাখতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।











