বান্দরবানে চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ, প্রচার শুরু বৃহস্পতিবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান (৩০০ নম্বর) আসনে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রার্থীদের হাতে এই প্রতীক তুলে দেন।
প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাচিংপ্রু জেরি (ধানের শীষ), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবু সাঈদ মো. শাহ সুজাউদ্দীন (শাপলা কলি), জাতীয় পার্টির (কাদের) আবু জাফর মো. ওয়ালীউল্যাহ (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আবুল কালাম (হাতপাখা)।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুরুল হক ও আবু তালেব এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাঁদের প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। এবার বান্দরবান আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাচিংপ্রু জেরিসহ মোট চারজন প্রার্থী ভোটের মাঠে লড়াই করবেন। প্রতীক পাওয়ার পর থেকেই এলাকায় নির্বাচনী আমেজ শুরু হয়েছে।











