বান্দরবানে সাচিং প্রু জেরীর পক্ষে বিএনপির গণসংযোগ ও পথসভা

বান্দরবান-৩০০ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরীর সমর্থনে জেলা বিএনপি শহরজুড়ে গণসংযোগ ও পথসভা করেছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই কর্মসূচি পালন করা হয়। পথসভা শেষে নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা বলেন, “দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষ অবহেলা ও বঞ্চনার শিকার। জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার পুনরুদ্ধারে বিএনপি কাজ করছে। পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক সাচিং প্রু জেরীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে পাহাড়ে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে বান্দরবানকে একটি আধুনিক জেলায় পরিণত করা হবে।
জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার নেতৃত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুসাই মং, জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাস, সদস্য নুরুল ইসলাম, সরোয়ার জামান ও অ্যাডভোকেট আলমগীর চৌধুরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।











