বান্দরবানে সাচিং প্রু জেরীর প্রচারণায় ব্যাপক জনসমাগম

বান্দরবান-৩০০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী প্রচারণায় নাইক্ষ্যংছড়ির বাইশারীতে সোমবার (২ ফেব্রুয়ারি) ব্যাপক জনসমাগম হয়েছে। সকালে বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগে অংশ নিয়ে তিনি পাহাড়-সমতলের সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৈষম্যহীন উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
এদিন সকাল থেকে বাইশারীর কাগজিখোলা, ক্যাংগারবিল ও আলীক্ষ্যং এলাকায় পথসভার পর দুপুরে চাক সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন সাচিং প্রু জেরী। বিকেলে দক্ষিণ বাইশারী মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পাহাড়ি ও বাঙালি সব সম্প্রদায়কে নিয়ে বান্দরবানের উন্নয়নই আমার মূল লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত হলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব।” তিনি আরও জানান, ক্ষমতায় এলে প্রান্তিক নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও কৃষকদের জন্য বিশেষ সুবিধা চালু করা হবে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানির সভাপতিত্বে সভায় জেলা ও উপজেলার জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা ভোটারদের উদ্দেশে বলেন, দীর্ঘ সময় পর জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে, তাই যোগ্য নেতৃত্ব নির্বাচনে ভুল করা যাবে না।
পুরো নির্বাচনী কর্মসূচি চলাকালে বাইশারী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।











