বান্দরবানে সেনাবাহিনীর অনন্য উদ্যোগ: বমদের কর্মসংস্থানে হচ্ছে ইকো রিসোর্ট

সমুদ্রপৃষ্ঠ থেকে ২১০০ ফুট উচ্চতায় বান্দরবানের দুর্গম সুংসুয়াং পাড়ায় পিছিয়ে পড়া বম জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে ‘ইকো রিসোর্ট’ নির্মাণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ শনিবার (২৭ ডিসেম্বর) এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।
২৪ পদাতিক ডিভিশনের অর্থায়নে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই রিসোর্টটির বিশেষত্ব হলো—এর মালিকানা এবং পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব থাকবে স্থানীয় বম জনগোষ্ঠীর হাতে। ‘দি ম্যাজিস্টিক টাইগার্স’ (১৬ ইস্ট বেঙ্গল) এর সেনা সদস্যরা এই দুর্গম এলাকায় কারিগরি ও নির্মাণ সহযোগিতা প্রদান করছেন।
উল্লেখ্য, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র তৎপরতায় সৃষ্ট অস্থিতিশীলতায় ২০২৩ সালের শুরুর দিকে অনেক বম পরিবার ভারতের মিজোরামসহ সীমান্তবর্তী দুর্গম অঞ্চলে আশ্রয় নিয়েছিল। সেনাবাহিনীর বিশেষ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে গত ১৮ নভেম্বর ২০২৪ থেকে তারা পুনরায় নিজ আবাসভূমিতে ফিরতে শুরু করেন। এখন পর্যন্ত ২০২টি পরিবারের ৫০৩ জন সদস্য সুংসুয়াং পাড়ায় প্রত্যাবর্তন করেছেন।
রিসোর্ট উদ্বোধনকালে ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান বলেন, “পার্বত্য চট্টগ্রামে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। এই রিসোর্ট থেকে অর্জিত আয়ের সম্পূর্ণ অংশ পাড়াবাসীর শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে ব্যবহৃত হবে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, কেওক্রাডং সংলগ্ন এই রিসোর্টটি পর্যটকদের জন্য উন্মুক্ত হলে স্থানীয়দের প্রত্যক্ষ কর্মসংস্থানের পাশাপাশি পার্বত্য অঞ্চলের পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এছাড়া প্রত্যাবর্তনকারী পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে আরও ২০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।











