বান্দরবানে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে জেলা সদরের মেট্রো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বান্দরবান পৌর শাখার আহ্বায়ক আশরাফুর রহমানের উদ্যোগে এবং মেট্রো হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয়। ৬ জন অভিজ্ঞ চিকিৎসক দিনভর রোগীদের বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র ও চিকিৎসা পরামর্শ প্রদান করেন।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০ নম্বর সংসদীয় আসনের ধানের শীষের সাবেক প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সা শৈ প্রু ও মজিবুর রশিদ এবং জেলা মহিলা দলের সভানেত্রী কাজী নিলুতাজ বেগম।
সভাপতির বক্তব্যে আশরাফুর রহমান বলেন, “বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আমাদের এই মানবিক উদ্যোগ। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
চিকিৎসা নিতে আসা স্থানীয় রোগীরা এই উদ্যোগের প্রশংসা করে জানান, দুর্গম এলাকায় নিয়মিত এমন ক্যাম্প পরিচালনা করা হলে প্রান্তিক মানুষ বিশেষ উপকৃত হবে।











