বান্দরবান ৩০০ আসনে জাবেদ রেজাকে মনোনয়নের দাবিতে লামায় হাজারো নেতাকর্মীর শোডাউন

বান্দরবান ৩০০ নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সম্ভাব্য প্রার্থী হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক লামা পৌরসভার মেয়র মো. জাবেদ রেজাকে 'ধানের শীষ' প্রতীকের মনোনয়ন দেওয়ার দাবিতে এক শান্তিপূর্ণ পথসভায় হাজার হাজার নেতাকর্মীর ঢল নেমেছে।
রবিবার (২৩ নভেম্বর) সকালে লামা বাজারে বিএনপির ব্যানারে এই পদযাত্রা কর্মসূচি পালিত হয়। লামা পৌর বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু হয়ে লামা বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।
কর্মসূচিতে লামা উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়নের সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার পাহাড়ি-বাঙালি তৃণমূলের কয়েক হাজার মানুষ ব্যানার, ফেস্টুন ও ধানের শীষ প্রতীক হাতে অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন লামা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্র নেতা মো. শাহীন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা সহ আরও অনেকে।
বক্তারা বলেন, এই জনপদের আনাচে-কানাচে ঘুরে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের পাশে সবসময় ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব, পাহাড়ের অসাম্প্রদায়িক নেতা জাবেদ রেজা। মনোনয়ন বঞ্চিত হওয়ার পরও তিনি রাজপথ এবং নেতাকর্মীদের ছেড়ে যাননি।
তাঁরা দাবি করেন, দল ও পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের স্বার্থে জাবেদ রেজাকে 'ধানের শীষের' মনোনয়ন দেওয়ার দাবিতে পাহাড়ি-বাঙালি সকলে আজ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছেন। বক্তারা বলেন, পার্বত্য জেলায় ধনী-গরীব এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য একজন নেতাকেই ধানের শীষের প্রার্থী হিসেবে তাঁরা দেখতে চান। তাঁরা বিএনপি হাইকমান্ডের কাছে প্রার্থী পরিবর্তন করে তরুণ প্রজন্মের অসাম্প্রদায়িক নেতা জাবেদ রেজাকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।











