বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বাড়াতে চকরিয়ায় র্যালি, আলোচনা সভা ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকালে চকরিয়া উপজেলার কৈয়ারবিল মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে “সোচ্চার ইয়ুথ নেটওয়ার্ক, চকরিয়া”-এর উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়। এতে সহযোগিতা করে “ব্রেকিং দ্য সাইলেন্স” ও “সেভ দ্য চিলড্রেন”।
র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে সড়কের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে পুনরায় স্কুলে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভা শেষে একই বিষয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়, যেখানে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ ও যৌন হয়রানির ক্ষতিকর দিক তুলে ধরে এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এতে অংশ নেন সোচ্চার ইয়ুথ নেটওয়ার্কের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। তারা জানান, বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মিরাজ উদ্দিন তালুকদার, প্রকল্প কর্মকর্তা মিফতা বিনতে ইউছুপ, কৈয়ারবিল মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মাহবুব আলমসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।










