বিবেককে প্রশ্ন করে ভোট দেওয়ার আহ্বান শফিকুল ইসলামের
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

বিবেককে প্রশ্ন করে ভোট দেওয়ার আহ্বান শফিকুল ইসলামের

বিবেককে প্রশ্ন করে ভোট দেওয়ার আহ্বান শফিকুল ইসলামের
চট্টগ্রাম-১৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম রাহী সাতকানিয়ায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করছেন।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম রাহী ভোটারদের প্রতি জাগতিক প্রলোভনের ঊর্ধ্বে উঠে নিজের বিবেককে প্রশ্ন করে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণা ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে থাকা এই প্রার্থী বলেন, “আপনার ভোটটি কেবল একটি কাগজের টুকরো নয়, বরং এটি একটি পবিত্র আমানত। জয়-পরাজয় বড় বিষয় নয়, সঠিক সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু জয়ের সম্ভাবনা দেখে কোনো অযোগ্য ব্যক্তিকে বেছে নিলে তার অপকর্মের দায়ভার ভোটারকেও বহন করতে হতে পারে।”

সাবেক এই বিএনপি নেতা দল থেকে বহিষ্কৃত হলেও এলাকায় নিজের শক্তিশালী কর্মী বাহিনী নিয়ে বিরামহীন গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে চারটি বিশেষ মানদণ্ড অনুসরণের পরামর্শ দিয়ে বলেন, যিনি আল্লাহকে ভয় করেন, দুর্নীতি ও অপরাধ নির্মূলে আপসহীন এবং গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে উঠে জনসেবা করবেন—তাকেই প্রতিনিধি নির্বাচন করা উচিত।

শফিকুল ইসলাম ধর্মীয় মূল্যবোধ ও সাংবিধানিক অধিকারের সমন্বয় ঘটিয়ে আরও বলেন, “টাকার বিনিময়ে বা প্রলোভনে পড়ে ভোট দেওয়া ব্যক্তিগত ও রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী। আমানত রক্ষার মাধ্যমে সৎ প্রতিনিধি নির্বাচন করলেই কেবল এই জনপদ উন্নয়নের শিখরে পৌঁছাতে পারবে।”

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে শফিকুল ইসলামের সক্রিয় প্রচারণা সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।




বাঁশখালীতে পুলিশি অভিযানে ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

বাঁশখালীতে পুলিশি অভিযানে ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশি অভিযানে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার শহরের কলাতলী এবং বাঁশখালী উপজেলার চেচুরিয়া ও বৈলছড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: বাঁশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজ হোসেন (২০), চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক ও বাঁশখালী সরকারি আলাওল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউদ্দিন আকাশ (২২), বাঁশখালী পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শাওন (২২) এবং ছাত্রলীগের সক্রিয় সদস্য মারুফুল ইসলাম (২১) ও হাসিবুল ইসলাম তানভীর (১৬)।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী বিভিন্ন সময়ে বাঁশখালী থানা এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মশাল মিছিল ও পতাকা মিছিলের আয়োজন করেন। এ ছাড়া সড়কে যানবাহন ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁরা জড়িত। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে থানা এলাকায় অভিযান চলছে।

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আরিফ হোসেন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোররাতে কক্সবাজার শহরের কলাতলীর সি প্যালেস হোটেল থেকে পারভেজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই দিন সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী উপজেলার চেচুরিয়া এলাকায় অভিযান চালিয়ে জিয়াউদ্দিন আকাশ, মারুফুল ইসলাম ও হাসিবুল ইসলাম তানভীরকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ধারাবাহিক অভিযানে দুপুর ১টার দিকে উপজেলার বৈলছড়ি পাহাড়ি এলাকা থেকে শফিকুল ইসলাম শাওনকে গ্রেপ্তার করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




বাঁশখালীতে থানার পাশে মিছিলে নেতৃত্ব দেওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাঁশখালীতে থানার পাশে মিছিলে নেতৃত্ব দেওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের বাঁশখালীতে থানার আধা কিলোমিটারের মধ্যে মহাজনঘাটা এলাকায় প্রধান সড়কে মিছিলে নেতৃত্ব দেওয়া ছাত্রলীগ নেতা পারভেজ হোসেন (২০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কক্সবাজার শহরের কলাতলি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার পারভেজ উপজেলার সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনা আনন্দ পাড়া এলাকার মোহাম্মদ বদিউল আলমের ছেলে।

জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজের সময় বাঁশখালী প্রধান সড়কের দারোগা বাজার মহাজনঘাটা এলাকায় ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। ওই মিছিলের নেতৃত্ব দেন পারভেজ। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হলে পুলিশ তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, দিনদুপুরে মহাজনঘাটা এলাকায় মিছিলে নেতৃত্ব দেওয়া পারভেজকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এ ঘটনায় আরও তিনজনকে আটক করা হয়েছিল।




পটিয়া মাদ্রাসার ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ঘিরে প্রস্তুতি, প্রায় দুই লাখ মানুষের সমাগমের প্রত্যাশা

পটিয়া মাদ্রাসার ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ঘিরে প্রস্তুতি, প্রায় দুই লাখ মানুষের সমাগমের প্রত্যাশা
ছবি সংগৃহীত।

পটিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল ২৬ ও ২৭ নভেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এই মহাসম্মেলন ঘিরে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে জামিয়া কর্তৃপক্ষ। সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতিমান আলেম, ওলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদদের পাশাপাশি প্রায় দুই লাখ ধর্মপ্রাণ মানুষের সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা।

সম্মেলনে আগত অতিথি ও মুসল্লিদের জন্য ব্যাপক আপ্যায়নের ব্যবস্থা রাখা হচ্ছে। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে বিশিষ্ট আলেমরা এতে অংশ নেবেন। বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কুরাইশী, হাফিজুর রহমান কুয়াকাটা ও মাওলানা জুনাইদ আল হাবিবসহ দেশবরেণ্য আলেমদের।

এদিকে সম্মেলন সফল করতে প্রস্তুতি ও পরামর্শ সভা করেছে জামিয়া কর্তৃপক্ষ। সভায় সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনা, অতিথিদের অভ্যর্থনা, আগত মুসল্লিদের থাকা-খাওয়া এবং শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

জামিয়ার মুহতামিম আল্লামা মুফতি একরাম হোসাইন অদুদি বলেন, এবারের সম্মেলনটি জামিয়ার ৮৭তম বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। এতে প্রায় দুই লাখ মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি। আগত অতিথি ও ধর্মপ্রাণ মানুষের আপ্যায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্মেলন সফল করতে তিনি দেশবাসী ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।

জামিয়া কর্তৃপক্ষের প্রত্যাশা, এবারের মহাসম্মেলন ধর্মীয় আলোচনা, কোরআন-হাদিসের বয়ান ও ইসলামী শিক্ষার প্রচারের পাশাপাশি দেশ-বিদেশের আলেম-ওলামা, সাবেক শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও ধর্মপ্রাণ মানুষের এক বৃহৎ মিলনমেলায় পরিণত হবে।