বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা
ছবি সংগৃহীত।

বহু বছর ধরে ধর্মের বিচারে বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠী খ্রিষ্টান সম্প্রদায়ের। তবে ২০৩৫ সালের মাঝে এ চিত্রে পরিবর্তন আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৯ বছরের মধ্যে বিশ্বে জনসংখ্যার দিক থেকে খ্রিষ্টানদের ছাড়িয়ে শীর্ষে যাবেন মুসলমানরা।

সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০-২০৭০’ শীর্ষক গবেষণায় এ পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ২০৭০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা হতে পারে ৩৬০ কোটির বেশি। আর খ্রিষ্টান জনগোষ্ঠীর আকার হতে পারে ৩০০ কোটির কিছু কম।

গবেষণায় বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব এলাকায় বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস।

আর পূর্বাভাস তৈরি করা হয়েছে বর্তমান বিশ্বে জন্মহার, মৃত্যুহার এবং ধর্ম পরিবর্তনের প্রবণতা বিবেচনায় নিয়ে। প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত ৫০ বছরে সাতটি ধর্মীয় জনগোষ্ঠীর আকার ও ভৌগোলিক অবস্থানের সম্ভাব্য পরিবর্তন তুলে ধরা হয়েছে।

গোষ্ঠীগুলো হলো মুসলিম, খ্রিষ্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্মের অনুসারী এবং কোনো ধর্মের সঙ্গে নিজেকে যুক্ত করেন না; এমন মানুষদেরকেও এই তালিকায় যুক্ত করা হয়েছে।

আর এ গবেষণায় পাঁচটি বিষয় বিবেচনা করা হয়েছে, বয়সকাঠামো, জন্মহার, মৃত্যুহার, ধর্ম বদল ও অভিবাসন।

• বিশ্বের মুসলিম জনসংখ্যা কত বাড়বে?
পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত জনমিতিক পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যেই মুসলিম জনসংখ্যা খ্রিস্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হবে।

এতে বলা হয়েছে, ২০২০ সালের তুলনায় ২০৭০ সালে মুসলিমদের সংখ্যা প্রায় ৮০ শতাংশ বেশি হবে এবং ২০৭০ সাল নাগাদ বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ৩৬০ কোটিতে।

তরুণ জনগোষ্ঠীর আধিক্য এবং উচ্চ জন্মহারের কারণে মুসলিম জনসংখ্যা বাড়বে বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষে উঠে আসবে পাকিস্তান।

২০৭০ সালে পাকিস্তানের মুসলিমদের সংখ্যা বেড়ে ৪৬ কোটি ১০ লাখে দাঁড়াতে পারে। এ সময়ে মুসলিম জনসংখ্যার দিক থেকে ভারত দ্বিতীয় এবং নাইজেরিয়া তৃতীয় অবস্থানে পৌঁছাতে পারে। এ সময়ে চতুর্থ অবস্থানে থাকতে পারে ইন্দোনেশিয়া আর পঞ্চম অবস্থানে বাংলাদেশ।

২০২০ সালের হিসাব অনুযায়ী, সারাবিশ্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ছিল ৫৩টি।

গবেষণা অনুযায়ী, ২০৭০ সাল নাগাদ আইভরি কোস্ট নতুন করে যুক্ত হয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা দাঁড়াবে ৫৪টিতে দাঁড়াবে।

২০৭০ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৫৪টি দেশের মধ্যে মাত্র আটটির জনসংখ্যা ১০ কোটি বা তার বেশি হবে - পাকিস্তান, ভারত, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিসর, সুদান এবং তুরস্ক।

২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান চালিকাশক্তি হবে কম বয়সী জনসংখ্যা কাঠামো ও উচ্চ জন্মহারজনিত স্বাভাবিক বৃদ্ধি।

গবেষণা পূর্বাভাসে বলা হয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিমদের সংখ্যা বাড়বে দ্রুত। এবং ২০৪০ সালের মধ্যে তারা ধর্মীয় পরিচয়হীন মানুষদের ছাড়িয়ে এ অঞ্চলের বৃহত্তম জনগোষ্ঠী হয়ে উঠতে পারেন।

২০৭০ সালে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোট জনসংখ্যার ৩৭ শতাংশ মুসলমান হবে এবং মুসলিমদের সংখ্যা দাঁড়াতে পারে ১৮০ কোটিতে।

২০২০ সালে এ অঞ্চলে মুসলিমদের সংখ্যা ছিল ২৬ শতাংশ। এ অঞ্চলেই বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাসকারী পাঁচটি দেশের মধ্যে চারটি - পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ।

তবে ইউরোপ ও উত্তর আমেরিকায় স্বাভাবিক বৃদ্ধির তুলনায় অভিবাসনের মাধ্যমে মুসলিম জনসংখ্যা দ্বিগুণেরও বেশি বাড়তে পারে।

গবেষণা প্রতিবেদন বলছে, এই সময়ের মধ্যে উত্তর আমেরিকায় মুসলিম জনসংখ্যা তিন গুণের বেশি বাড়তে পারে এবং যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা প্রায় ৯০ লাখ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে অভিবাসনের বড় ভূমিকা থাকবে।

• বাংলাদেশ ও ভারত নিয়ে যে পূর্বাভাস দেওয়া হয়েছে
গবেষণায় ভারত ও বাংলাদেশ; এই দুই দেশেই মুসলিম জনসংখ্যা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দুই দেশের ধর্মীয় জনসংখ্যার অনুপাত ও পরিবর্তনের ধরন এক নয়। পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালে মুসলিম জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ হবে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ।

এতে বলা হয়েছে, ২০২০ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৬৩ লাখ। এর ৯১ দশমিক এক শতাংশ ছিলেন মুসলিম। আর ২০৭০ সালে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে ২৩ কোটি ৭২ লাখে দাঁড়াতে পারে। মুসলিমদের অংশ বেড়ে তখন দাঁড়াবে ৯২ শতাংশ।

অন্যদিকে, ২০২০ সালে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর মানুষ ছিল সাত দশমিক নয় শতাংশ। আর ২০৭০ সালে সেটি কমে ছয় দশমিক আট শতাংশ হতে পারে।

তবে অনুপাত কমলেও তাদের মোট সংখ্যা বাড়বে। গবেষণায় বলা হয়েছে, ২০২০ সালে বাংলাদেশে হিন্দু ছিলেন প্রায় এক কোটি ৩১ লাখ। ২০৭০ সালে এ সংখ্যা বেড়ে প্রায় এক কোটি ৬১ লাখ হতে পারে।

অর্থাৎ এ দেশে ধর্মীয় জনসংখ্যার অনুপাত কিছুটা বদলালেও মুসলিম ও হিন্দু; উভয় জনগোষ্ঠীর মোট সংখ্যাই বাড়বে। এদিকে, আগামী দশকগুলোতে ভারতে এবং সামগ্রিকভাবে বিশ্বে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর তুলনায় পিছিয়ে থাকবে।

গবেষণায় বলা হয়েছে, ২০২০ সালে ভারতে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২১ কোটি ৩০ লাখ। ২০৭০ সালে তা বেড়ে প্রায় ৩৩ কোটি ৪০ লাখ হতে পারে। অন্যদিকে, ভারতের হিন্দু জনসংখ্যাও বাড়বে। তবে মোট জনসংখ্যার তুলনায় হিন্দুদের অনুপাত কমবে।

পূর্বাভাসে বলা হয়েছে, ৫০ বছরে ভারতের জনসংখ্যায় মুসলিমদের অনুপাত চার দশমিক চার শতাংশ বাড়তে পারে। বিপরীতে হিন্দুদের অনুপাত কমতে পারে তিন দশমিক ছয় শতাংশ।

তবে ২০৭০ সালেও ভারতের মোট জনসংখ্যার তিন-চতুর্থাংশের বেশি হিন্দু জনগোষ্ঠী থাকবে বলে পূর্বাভাস দিয়েছে এই প্রতিবেদনে। পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সাল থেকে ২০৭০ সালের মধ্যে ভারতে হিন্দু জনগোষ্ঠীর জনসংখ্যা প্রায় ১৭ কোটি ৬০ লাখ বাড়বে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ভারতে হিন্দু জনসংখ্যা ছিল ১০০ কোটির বেশি। আগামী ৫০ বছরে এই সংখ্যা আরও বাড়বে। কিন্তু একই সময়ে দেশটিতে মুসলিম জনসংখ্যা তুলনামূলক দ্রুত বাড়বে বলে হিন্দুদের মোট জনসংখ্যায় অংশ কমে যাবে।

• খ্রিষ্টধর্মের জনসংখ্যা কেমন হবে?
বর্তমান পরিসংখ্যান অনুযায়ী খ্রিষ্টধর্ম পৃথিবীর বৃহত্তম ধর্ম। ২০২০ সালের হিসাব অনুযায়ী সারাবিশ্বে খ্রিষ্টধর্মের অনুসারী ২৩০ কোটি মানুষ। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান জনসংখ্যাগত প্রবণতা অব্যাহত থাকলে অনেক দেশের জনসংখ্যার অনুপাতে খ্রিস্টানদের সংখ্যা হ্রাস পাবে।

২০৭০ সালের মধ্যে ৬১টি দেশে বাসিন্দাদের অংশ হিসাবে খ্রিস্ট ধর্মের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। মাত্র চারটি দেশে জনসংখ্যার দশমিক পাঁচ শতাংশ বা তার বেশি বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। এতে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে খ্রিস্টান ধর্মের জনসংখ্যা ৬৮ কোটি ৭০ লক্ষ বৃদ্ধি পেতে পারে।

তবে খ্রিস্টান জনসংখ্যা বাড়লেও বিশ্বের মোট জনসংখ্যার তুলনায় তাদের বৃদ্ধির হার খুব বেশি হবে না। গবেষণাটির অন্যতম গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, আগামী কয়েক দশকে খ্রিস্টানদের মোট জনসংখ্যা বাড়লেও বিশ্বে সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে তাদের অবস্থান হারানোর সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, খ্রিস্টান জনসংখ্যার ভৌগোলিক অবস্থানেও বড় পরিবর্তন আসবে। ইউরোপ ও আমেরিকার পরিবর্তে আফ্রিকা হয়ে উঠবে বিশ্বের খ্রিস্টান জনসংখ্যার প্রধান কেন্দ্র। খ্রিষ্টানদের জনসংখ্যা পরিবর্তনের ক্ষেত্রেও স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি ছিল সবচেয়ে বড় কারণ। গবেষণায় উঠে এসেছে, ইউরোপীয়দের মধ্যে খ্রিস্টানদের হার ১৫ শতাংশ হ্রাস পাবে। বিবিসি বাংলা।




বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের
ছবি সংগৃহীত।

বাংলাদেশসহ বিশ্বের ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ‘কাঠামোগত অতিরিক্ত শিল্প সক্ষমতা’ মোকাবিলার তথ্য জানিয়ে স্থানীয় সময় বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) এই শুল্কের ঘোষণা দেয়।

নতুন এই শুল্ক প্রস্তাবে বাংলাদেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্কের সীমা নির্ধারণের কথা বলা হয়েছে। তবে বিদ্যমান বাণিজ্য চুক্তি ও আগের শুল্ক কাঠামোর কারণে বাংলাদেশের রপ্তানি পণ্যে প্রকৃত শুল্কের বোঝা ঠিক কতটা বাড়বে, সেটি এখনও পরিষ্কার নয়।

• যেসব দেশ শুল্কের আওতায়
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’-এর আওতায় ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য চর্চার আট মাসব্যাপী তদন্ত শেষে এই শুল্ক আরোপের ঘোষণা এল।

তদন্তের আওতায় থাকা ১৬টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৪টির ওপর শুল্ক প্রস্তাব করা হয়েছে। দেশগুলো হলো, বাংলাদেশ, চীন, ভারত, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম। তদন্তের তালিকায় থাকলেও আপাতত মেক্সিকো ও নরওয়ের পণ্যে কোনো নতুন শুল্ক প্রস্তাব করা হয়নি।

• বাংলাদেশের জন্য হার ও শর্ত কী
মার্কিন ফেডারেল রেজিস্টারের বিজ্ঞপ্তি ও ইউএসটিআরের তথ্য বলছে, নতুন এই প্রস্তাবে ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান ও থাইল্যান্ডের পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব করা হয়েছে। ভিয়েতনামের ক্ষেত্রে এই হার সর্বোচ্চ ৩৫ শতাংশ (চুক্তি হলে ২০ শতাংশ) এবং চীনের পণ্যে অতিরিক্ত ২০ শতাংশ (আগের শুল্কসহ মোট ৪০ শতাংশ পর্যন্ত) ধরা হয়েছে।

তবে ইউএসটিআর বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য সমঝোতা অনুযায়ী বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের ক্ষেত্রে শুল্কের সর্বোচ্চ সীমা ১৮ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে। আর ইইউ, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের জন্য সর্বোচ্চ ১৫ শতাংশ এবং সিঙ্গাপুরের জন্য ১০ শতাংশ শুল্ক প্রস্তাব করা হয়েছে।

• আগের শুল্কের সঙ্গে যুক্ত হবে কি?
মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেছেন, নতুন প্রস্তাবিত এই শুল্ক আগে থেকে কার্যকর থাকা কিছু শুল্কের ওপর অতিরিক্ত হিসেবে যুক্ত হবে না। বিশেষ করে জোরপূর্বক শ্রমবিরোধী আইন প্রয়োগে শিথিলতার অভিযোগে গত জুলাই মাসে বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদারের ওপর যে ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল; তার ওপর নতুন এই শুল্ক বসবে না।

এক্ষেত্রে দুটি শুল্ক হারের মধ্যে যেটি বেশি, আমদানিকারকদের সেটিই পরিশোধ করতে হবে। এ ছাড়া ইস্পাত, অ্যালুমিনিয়াম বা গাড়ির ওপর সেকশন ২৩২-এর আওতায় আরোপিত শুল্কের সঙ্গেও এটি যুক্ত হবে না।

গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের আগের বৈশ্বিক ‘লিবারেশন ডে’ পাল্টা শুল্ক বাতিল করে দেওয়ার পর গত ২৪ জুলাই থেকে বাংলাদেশি পণ্যে সেকশন ৩০১-এর আওতায় ১০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। এর সঙ্গে নিয়মিত ‘মোস্ট ফেভারড নেশন’ (এমএফএন) শুল্ক মিলিয়ে বর্তমানে অনেক বাংলাদেশি তৈরি পোশাকের ওপর ২৫ শতাংশের বেশি শুল্ক দিতে হচ্ছে।

• কী বলছে যুক্তরাষ্ট্র?
ওয়াশিংটন বলেছে, শুল্কের আওতায় আসা দেশগুলো শিল্পনীতি, ভর্তুকি এবং অ-বাজার অর্থনীতির দেশ (চীন) থেকে আমদানি করা যন্ত্রাংশ ও কাঁচামাল ব্যবহারের মাধ্যমে বাজার চাহিদার বাস্তবতা উপেক্ষা করে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি করছে। এটি মার্কিন বাণিজ্য ও শিল্পের জন্য ক্ষতিকর। দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চীনা বিনিয়োগের মাধ্যমে পণ্য উৎপাদন করে মার্কিন বাজারে প্রবেশের পথ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মার্কিন কর্মকর্তারা বলেছে, প্রস্তাবিত এই শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। ফেডারেল রেজিস্টারে বিজ্ঞপ্তি প্রকাশের পর এ বিষয়ে গণশুনানি ও জনমত গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। ফলে আগামী বছরের জানুয়ারির আগে নতুন এই শুল্ক কার্যকর হওয়ার সম্ভাবনা কম।

সূত্র: রয়টার্স, বিবিসি, ইউএসটিআর।




বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প

বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প
ছবি সংগৃহীত।

চাহিদার অতিরিক্ত পণ্য উৎপাদনের অভিযোগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশ এবং বাংলাদেশসহ আরও ১৫টি আলাদা দেশের বিরুদ্ধে তদন্ত করছে যুক্তরাষ্ট্র। আর এই তদন্ত শেষে আজ বুধবার (২৫ ডিসেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন।

মার্কিনিদের দাবি, অতিরিক্ত পণ্য উৎপাদন করে বাজারে পণ্য সয়লাব করে দেওয়া হয়, যা যুক্তরাষ্ট্রের নিজস্ব পণ্য ও উৎপাদনের জন্য হুমকি।

২০২৫ সালের এপ্রিলে ট্রাম্প বাংলাদেশসহ অন্যান্য দেশের রপ্তানি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেন। এরপর এসব দেশ তার সরকারের সঙ্গে আলোচনা করে শুল্ক কমায়। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এ শুল্ক বাতিল ঘোষণা করে। এরপরই শুল্ক পুনরায় চালু করতে ‘সেকশন ৩০১’- নামে একটি ধারার প্রেক্ষিতে শুল্ক আরোপ করা দেশগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেন মার্কিন কর্মকর্তারা। তারা বলেছেন, যেসব দেশ অতিরিক্ত পণ্য উৎপাদন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাসংস্থা রয়টার্স বলেছে, আজকে ট্রাম্পের এ ঘোষণার কারণে বিশ্বব্যাপী আবারও বাণিজ্যিক যুদ্ধ শুরু হবে। যার প্রভাব পড়বে সব জায়গায়।

ট্রাম্প প্রথমবার যখন শুল্ক আরোপ করেন তখন জানান বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে শুল্ক আরোপ করে রেখেছে। যার প্রেক্ষিতে তিনি পাল্টা বা পারস্পরিক শুল্ক আরোপ করেছেন।

রয়টার্সকে একটি সূত্র বলেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক নিয়ে যেসব দেশ চুক্তি করেছিল, সেগুলোর ভিত্তিতেই নতুন শুল্ক দেওয়া হবে।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতি বছরের মে মাসে ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি’ নামে ওই চুক্তি করেছিল। এরপর বাংলাদেশি পণ্যে শুল্কের পরিমাণ ১৯ শতাংশে নামিয়ে আনা হয়েছিল। যা আগেরবার ২০ শতাংশ ছিল।

যেসব দেশের ওপর শুল্ক আরোপ হতে যাচ্ছে—

চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।

সূত্র: রয়টার্স, বিবিসি




জেদ্দাসহ সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের

জেদ্দাসহ সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের
ছবি সংগৃহীত।

সৌদি আরব যদি ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলার হুমকি বাস্তবায়ন করে, তাহলে জেদ্দাসহ লোহিত সাগরের উপকূলে অবস্থিত সব সৌদি বন্দরে হামলা পরিচালনা করবে হুথি গোষ্ঠী। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ সতর্কবার্তা দিয়েছেন ইরানের মদতপুষ্ট এই ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী।

বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল সারী জেদ্দাসহ অন্যান্য বন্দরগুলোতে কর্মরত কর্মী ও শ্রমিকদের পাশাপাশি বন্দরগুলোর আশপাশের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া, শিপিং কোম্পানিগুলোকে তাদের জাহাজ সরিয়ে নিতে বলেছেন তিনি।

মঙ্গলবার রিয়াদের সর্বোচ্চ ভবন ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ারে (পিআইএফ টাওয়ার) ড্রোন হামলা করেছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। এতে অন্তত ১১ জন আহত হয়েছে। গত ২০ নভেম্বরও একই ভবনে হামলা করেছিল হুথি গোষ্ঠী।

সেই হামলার কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে সৌদি-ইয়েমেন সামরিক জোটের পক্ষ থেকে বলা হয়, ইয়েমেনের সাদা ও আমরান প্রদেশে বেশ কিছু লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, নিকট ভবিষ্যতে ইয়েমেনের হোদেইদা বন্দরকেও হামলার লক্ষ্যবস্তু করা হবে।

সৌদি জোটের এই বিবৃতির কয়েক ঘণ্টার মধ্যে জেদ্দাসহ অন্যান্য সৌদি বন্দরে হামলার হুমকি দেন ব্রিগেডিয়ার জেনারেল সারী।

উল্লেখ্য,লোহিত সাগরের উপকূলে অবস্থিত হোদেইদা ইয়েমেনের প্রধান বন্দর, এই বন্দরের মাধ্যমেই খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য হুথি-নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনে প্রবেশ করে। দীর্ঘকাল ধরে এই বন্দরটি মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য আমদানির একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

আমদানিকৃত খাদ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ইয়েমেনের লাখ লাখ মানুষের জন্য হোদেইদা বন্দর রীতিমতো একটি লাইফলাইন হিসেবে কাজ করছে বহু বছর ধরে।

২০১৬ সালে থেকে সৌদি জোটের সঙ্গে সংঘাত চলছে হুথি বাহিনীর। ২০২২ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে দু’পক্ষ একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিল। তবে গত সেপ্টেম্বরে উভয়পক্ষই চুক্তির শর্ত ভেঙে নিয়মিত একে অপরকে লক্ষ্য করে হামলা পরিচালনা করছে।

সূত্র : রয়টার্স