বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে সাচিংপ্রু জেরীর বিশেষ প্রার্থনা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবান ৩০০ নং আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাচিংপ্রু জেরী ক্যাংএ বিশেষ প্রার্থনা করেছেন। এ সময় তিনি নির্বাচনী সমাবেশ ও প্রচার-প্রচারণাসহ সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করে বিএনপি নেতাকর্মীদের যার যার ধর্মমতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রার্থনার নির্দেশ দিয়েছেন।
জানা যায়, শনিবারে নাইক্ষ্যংছড়ি, রবিবার রোয়াংছড়ি এবং সোমবার রুমা উপজেলায় বান্দরবান ৩০০ নং আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাচিংপ্রু জেরীর নির্বাচনী সমাবেশ, পথসভা ও গণসংযোগ করার কথা ছিল। কিন্তু বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় নির্বাচনী সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন। এদিকে শনিবার সন্ধ্যায় উজানীপাড়া রাজগুরু বৌদ্ধ বিহারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করেছেন সাচিংপ্রু জেরী। এ সময় তিনি মঙ্গল প্রদীপ প্রজ্বলনসহ নানান প্রার্থনা করেন।
এ সময় তিনি সাংবাদিকদের জানান, জাতির এই ক্রান্তিলগ্নে আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা অনেক বেশি জরুরি। তিনি দেশবাসীর ঐক্যের প্রতীক। তাঁর মতো অভিজ্ঞ, দূরদর্শী ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতি দেশবাসী সকল সময়েই আস্থাশীল। তিনি এ সময় দেশের সকল সংকটে-সংগ্রামে বেগম খালেদা জিয়ার আপোসহীন ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন।











