বেড়িবাঁধ সংস্কার ও ফেরিঘাট চালুই হবে প্রধান অগ্রাধিকার: হামিদুর রহমান আযাদ

জননিরাপত্তা নিশ্চিত এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে টেকসই বেড়িবাঁধ সংস্কার ও ফেরিঘাট চালুকে প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। শনিবার (২৪ জানুয়ারি) কুতুবদিয়ায় আয়োজিত এক মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ আসনের এই সংসদ সদস্য পদপ্রার্থী এসব কথা বলেন।
উপকূলীয় জনপদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে অবকাঠামোগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরে ড. হামিদ আযাদ বলেন, “ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনে মহেশখালী-কুতুবদিয়ার মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ এখন জননিরাপত্তার জন্য হুমকি। অন্যদিকে, কার্যকর ফেরিঘাট ব্যবস্থা না থাকায় পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।”
তিনি আরও যোগ করেন, বেড়িবাঁধ সংস্কার মানে কেবল উপকূল রক্ষা নয়, এটি মানুষের জীবন ও জীবিকার সুরক্ষা। ফেরিঘাট চালু হলে এই অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে। এজন্য স্থানীয় জনগণের মতামত নিয়ে সমন্বিত ও দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ড. হামিদ আযাদ অভিযোগ করেন, পতিত স্বৈরাচার ও আধিপত্যবাদী গোষ্ঠী নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, “গোটা দেশবাসী নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। এই অবস্থায় ষড়যন্ত্র করা হলে জনগণ তা প্রতিহত করবে। নির্বাচন সঠিক সময়ে না হলে দেশে পুনরায় কর্তৃত্ববাদ ফিরে আসার আশঙ্কা রয়েছে।” তিনি সরকার ও নির্বাচন কমিশনকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান।
আহমদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কুতুবদিয়া উপজেলা আমির আ. স. ম শাহরিয়ার চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন বড়ঘোপ ইউনিয়ন সেক্রেটারি শামসুল আলম।










