জাতীয় সংসদ নির্বাচন: বৈধ প্রার্থী ১৮৪২, বাতিল হলো ৭২৩ জনের মনোনয়নপত্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দেশজুড়ে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর আবেদন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০০টি নির্বাচনী এলাকায় দাখিল করা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ৭২৩টি বাতিল হয়েছে।
আজ রোববার (০৪ জানুয়ারি) যাচাই-বাছাইয়ের নির্ধারিত সময় শেষে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। কমিশনের হিসাব অনুযায়ী, এবার সর্বোচ্চ ৩০৯ জন বৈধ প্রার্থী রয়েছেন ঢাকা অঞ্চলে এবং সর্বনিম্ন ৯৬ জন ফরিদপুর অঞ্চলে।
ইসি সচিবালয়ের তথ্যমতে, বিভাগ ও অঞ্চলভিত্তিক বৈধ প্রার্থীর সংখ্যা হলো— ঢাকা অঞ্চলে ৩০৯ জন, চট্টগ্রামে ১৩৮ জন, রাজশাহীতে ১৮৫ জন, খুলনায় ১৯৬ জন, বরিশালে ১৩১ জন, সিলেটে ১১০ জন, ময়মনসিংহে ১৯৯ জন, কুমিল্লায় ২৫৯ জন, রংপুরে ২১৯ জন এবং ফরিদপুর অঞ্চলে ৯৬ জন।
নির্বাচন কমিশন আরও জানায়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১ আসনের তিনটি মনোনয়নপত্রের কার্যক্রম যাচাই-বাছাই ছাড়াই সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
প্রার্থিতা বাতিলের বিষয়ে ইসির জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, "যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে কমিশনের কাছে আপিল করার সুযোগ পাবেন। আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।" তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।











