বড়হাতিয়ার মনুফকির বাজারে আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মনুফকির বাজারে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। বাজারে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মনুফকির বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে।
সংগঠনের সভাপতি ও বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন চুনতি পুলিশ ফাঁড়ির এসআই দেলোয়ার হোসাইন, সংগঠনের উপদেষ্টা ডা. এহেছান, সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন, মুজিবুল হক, জিন্নাত আলী, মোহাম্মদ আবুল কালাম, শফিকুল হক, জাফর হোসেন ও হাবিবুর রহমানসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে মনুফকির বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। একটি বাহিনীর নামে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগও তুলে ধরেন তারা। এ অবস্থায় ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত, চাঁদাবাজি বন্ধ এবং বাজারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা।
বক্তারা আরও বলেন, ব্যবসায়ীরা যেন ভয়ভীতিমুক্ত পরিবেশে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে জন্য বাজারে নিয়মিত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।











