ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের বড় হামলা, স্ত্রীসহ মাদুরো আটক

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার (০৩ জানুয়ারি) মধ্যরাতে রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন কৌশলগত স্থানে ভয়াবহ বিস্ফোরণের পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সহায়তায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে। আটক করার পর মাদুরো ও তার স্ত্রীকে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আজ স্থানীয় সময় সকাল ১১টায় ফ্লোরিডার মার-এ-লাগোতে সংবাদ সম্মেলন আহ্বান করেছেন ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি ভেনেজুয়েলার সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই হামলার নির্দেশ দেন। মূলত ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ তুলে গত কয়েক দিন ধরেই ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধজাহাজসহ বিপুল সামরিক সরঞ্জাম মোতায়েন করেছিল ওয়াশিংটন। প্রাথমিক পর্যায়ে সমুদ্রে তল্লাশি ও অভিযান সীমাবদ্ধ থাকলেও আজ তা সরাসরি স্থলভাগের মূল ভূখণ্ডে গড়িয়েছে।
এদিকে এই ঘটনাকে 'চরম ন্যাক্কারজনক সামরিক আগ্রাসন' হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। এক আনুষ্ঠানিক বিবৃতিতে দেশটি এই অভিযানকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বিশ্ববাসীর কাছে এর বিচার দাবি করেছে। সামরিক হস্তক্ষেপের প্রতিবাদে ভেনেজুয়েলার রাস্তায় জনসাধারণের বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে।











