মনসা পূজা উপলক্ষে পটিয়ার অলির হাট রুদ্রপাড়ায় বিশাল আকৃতির ছাগলের সমাহার

আসন্ন মনসা পূজাকে কেন্দ্র করে পটিয়া উপজেলার অলির হাট এলাকার রুদ্রপাড়ায় দেখা মিলেছে বিশাল আকৃতির বেশ কয়েকটি ছাগলের। ব্যতিক্রমী এসব ছাগল দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ভিড় করছেন উৎসুক মানুষ। ছাগলগুলোর আকার, পরিচর্যা ও চড়া দাম নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।
রুদ্রপাড়ার বাসিন্দা আকাশ দাশ, মৃত চন্দন দাশ ও শুভল দাশের যৌথ উদ্যোগে লালন-পালন করা হয়েছে এই বড় আকৃতির ছাগলগুলো। এর মধ্যে ‘গাড্ডু’ ও ‘বাড্ডু’ নামের দুটি ছাগলের প্রতিটির দাম হাঁকা হচ্ছে প্রায় ৩ লাখ টাকা। এ ছাড়া ‘বড় মিয়া’ ও ‘পংকিরাজ’ নামের আরও দুটি বিশাল ছাগলের প্রতিটির মূল্য ধরা হয়েছে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে প্রদর্শিত ছাগলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
ছাগলগুলোর মালিকরা জানান, দীর্ঘদিন ধরে অত্যন্ত যত্ন ও উন্নত খাবারের মাধ্যমে ছাগলগুলো লালন-পালন করা হয়েছে। সুস্থ ও আকর্ষণীয় গড়নের কারণে এগুলো দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন। অনেক ক্রেতা কেনার আগ্রহ প্রকাশ করলেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দা সুমন দাশ বলেন, “মনসা পূজাকে কেন্দ্র করে প্রতিবছর নানা আয়োজন থাকলেও এবার বড় আকৃতির ছাগলের সমাহার বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত শিশু, তরুণসহ বিভিন্ন বয়সী মানুষ ছাগলগুলো দেখতে আসছেন এবং ছবি ও ভিডিও ধারণ করছেন।”
খামারি ও ব্যবসায়ীদের আশা, পূজার দিন যত ঘনিয়ে আসবে, ক্রেতাদের আগ্রহ তত বাড়বে এবং শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত দামেই ছাগলগুলো বিক্রি করা সম্ভব হবে।
পটিয়ায় মনসা পূজাকে কেন্দ্র করে নতুন থানার হাট, অলির হাট, কমল মুন্সির হাট ও পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠসহ একাধিক হাটে এসব ছাগল কেনাবেচা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী মোহাম্মদ রাসেল। গ্রাম পর্যায়ে বাড়িভিত্তিক লালন-পালন করা এসব ছাগল প্রস্তুত করা হয়েছে পূজার বাজারকে লক্ষ্য করে। ব্যবসায়ীরা আশা করছেন, এবার তাঁরা ছাগলের ন্যায্যমূল্য পাবেন।











