মরচে ধরা কূটনীতি ও ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনের চ্যালেঞ্জে নতুন সরকার
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

মরচে ধরা কূটনীতি ও ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনের চ্যালেঞ্জে নতুন সরকার

মরচে ধরা কূটনীতি ও ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনের চ্যালেঞ্জে নতুন সরকার
ছবি সংগৃহীত।

দুই দশক পর রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন নতুন সরকারের সামনে ভারত-যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্য রক্ষা ও ধুঁকতে থাকা অর্থনীতি পুনর্গঠনই এখন প্রধান কূটনৈতিক চ্যালেঞ্জ। মঙ্গলবার শপথ নিতে যাওয়া এই সরকারের জন্য সুসংগত বিদেশনীতি ও কার্যকর অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ মনে করেন, অন্তর্বর্তী সরকারের সময় প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে। তিনি বলেন, “ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করা একটি বড় পরীক্ষা। তবে পারঅস্পরিক সম্মান ও ন্যায্য হিস্যার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব।” এদিকে, মার্কিন প্রেসিডেন্টের ‘অপ্রত্যাশিত’ নীতি সামলানো এবং সাম্প্রতিক ঢাকা-ওয়াশিংটন বাণিজ্য চুক্তি পর্যালোচনাকেও গুরুত্বপূর্ণ মনে করছেন এই কূটনীতিক।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ওবায়দুল হক বলেন, “নতুন সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত বৈদেশিক বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা।” পরিবর্তিত বিশ্বব্যবস্থায় ইউক্রেন যুদ্ধ ও জ্বালানি সংকট মোকাবিলায় শুধু নির্দিষ্ট কয়েকটি দেশের ওপর নির্ভর না করে কৌশলগতভাবে বহুমুখী কূটনীতি অনুসরণের তাগিদ দেন তিনি।

এদিকে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার এক সংবাদ সম্মেলনে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “বাংলাদেশ ও দেশের মানুষের স্বার্থ ঠিক রেখেই আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে।” স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও সমতা ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে বিদেশনীতি পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিশেষজ্ঞদের মতে, রাশিয়া, চীন ও জাপানের সঙ্গে বিদ্যমান সুসম্পর্ককে নতুন গতি দান এবং তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করাই হবে নতুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্নিপরীক্ষা।




ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী
ছবি সংগৃহীত।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সমাধান অযোগ্য কোনো সমস্যা নেই। আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনে সরকার কাজ করছে।

বুধবার (১২ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে নিজেই বলেছেন, দুই দেশের মধ্যে এমন কোনো সংকট নেই যা সমাধান করা অসম্ভব। বাংলাদেশ থেকে ইতিবাচক বার্তা নিয়েই তিনি নরেন্দ্র মোদির সঙ্গে আলাপ করতে গেছেন। ইতিবাচক ফলাফলের জন্য আমরা অপেক্ষায় আছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গুজব এখনো সরকারের নজরে আসেনি উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, সরকার এসব আমলে নিচ্ছে না।

তিনি বলেন, বর্তমান যুগ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। যুবকদের আত্ম উন্নয়নে কাজ করছে সরকার। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদেরই এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।




চাকরি যাচ্ছে বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার, শিগগিরই প্রজ্ঞাপন

চাকরি যাচ্ছে বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার, শিগগিরই প্রজ্ঞাপন
ছবি সংগৃহীত।

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বরখাস্ত হতে যাওয়া পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন— বিপ্লব কুমার সরকার, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।

সংশ্লিষ্ট নথির তথ্য অনুযায়ী, পাঁচ কর্মকর্তার মধ্যে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাময়িক বরখাস্ত হয়ে বরিশালে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। মো. গোলাম রুহানী (সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই) বর্তমানে সাময়িক বরখাস্ত ও পলাতক। সুদীপ কুমার চক্রবর্তী সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। রাজন কুমার দাস সাময়িক বরখাস্ত ও পলাতক। মো. ইকবাল হোসাইন সাময়িক বরখাস্ত হয়ে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাদের বিরুদ্ধে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা এবং পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের চাকরি থেকে বরখাস্ত করার গুরুদণ্ড দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেটি বাস্তবায়ন করা হবে।




২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
ছবি সংগৃহীত।

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি আগামী ২৭ আগস্ট বিকেলে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। এটি চলতি সংসদের তৃতীয় অধিবেশন হতে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি বলেছেন, "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, হাফিজ উদ্দিন আহমদ ২৭ আগস্ট বিকেল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় (২০২৬ খ্রিষ্টাব্দের ৩য়) অধিবেশন আহ্বান করছি।’’