মাইক্রোবাস,জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতির নির্বাচনী ফলাফল নিয়ে চাঞ্চল্য

বান্দরবান মাইক্রোবাস, জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতির সর্বশেষ নির্বাচনী ফলাফল নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে। নথিতে পরিচালক হিসেবে নির্বাচিত দেখানো এক ব্যক্তি নিজেকে প্রার্থী হওয়ার বিষয়েই কিছু জানেন না বলে দাবি করেছেন। জেলা সমবায় কার্যালয় থেকে সরবরাহকৃত নথি পর্যালোচনার পর সোমবার (২৬ জানুয়ারি) এ চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।
জানা যায়, ২০২৪ সালের ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের নথিতে 'ফুটবল' প্রতীকে ইমরান উদ্দিন বাবুকে পরিচালক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। তবে সোমবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে ইমরান উদ্দিন বাবু বলেন, “আমি কোনো নির্বাচন করিনি। আমাকে কমিটিতে রাখা হয়েছে—এমন বিষয় আজই প্রথম শুনলাম। এ বিষয়ে আমাকে আগে কখনো অবগত করা হয়নি।”
নথি অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সমবায় সমিতি বিধিমালা ২০০৪-এর ৩২(১) বিধি মতে নয় সদস্যের একটি কমিটি গঠন করে জেলা সমবায় কার্যালয়ে পাঠানো হয়। তবে কমিটির ফলাফল বিবরণীতে নাম থাকা একাধিক ব্যক্তি এই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, নির্বাচনে অংশ নিলে জাতীয় পরিচয়পত্রসহ দাপ্তরিক যে প্রক্রিয়া থাকে, তার কিছুই তাঁরা সম্পন্ন করেননি।
এ বিষয়ে জেলা সমবায় কর্মকর্তা ফাতেমা বেগম বলেন, “সর্বশেষ নির্বাচনী ফলাফলের নথিটি সমিতি কর্তৃপক্ষই জেলা সমবায় কার্যালয়ে পাঠিয়েছে। তবে ৫ আগস্টের পর সমিতিতে কয়েকজনকে নতুন করে সংযুক্ত করা হয়েছে।” অন্যদিকে, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলী আকবরের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
তথ্য অধিকার আইন ২০০৯-এর অধীনে করা এক আবেদনের প্রেক্ষিতে জেলা সমবায় কার্যালয় এই নির্বাচনী ফলাফল বিবরণী সরবরাহ করে। পুরো প্রক্রিয়াকে রহস্যজনক আখ্যা দিয়ে সমিতির সাধারণ মালিক ও শ্রমিকরা জেলা সমবায় কার্যালয়কে বিষয়টি তদন্ত করে বর্তমানে দায়িত্বরত পরিচালনা পর্ষদের বৈধতা স্পষ্ট করার দাবি জানিয়েছেন।











