মিয়ানমারে বিস্ফোরণ: কাঁপছে নাইক্ষ্যংছড়ি সীমান্ত, আতঙ্কে জনপদ

মিয়ানমারের অভ্যন্তরে ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের বেশ কয়েকটি গ্রাম। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ১১টা থেকে দফায় দফায় অন্তত ২০টি বড় ধরনের বিস্ফোরণের শব্দে ঘুমধুম ও বাইশফাঁড়ি এলাকার জনপদে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তীব্র কম্পনে অনেক ঘরবাড়ি ও টিনের চাল কেঁপে ওঠে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সীমান্তের বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দগুলো মিয়ানমারের কয়েক কিলোমিটার ভেতর থেকে এলেও এর তীব্রতা ছিল প্রচণ্ড। ধারণা করা হচ্ছে, রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের জান্তা বাহিনী কিংবা অন্য কোনো বিদ্রোহী গ্রুপের বড় ধরনের সংঘর্ষ চলছে। কয়েক বছর ধরেই এই সীমান্ত এলাকায় জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাত চলছে, যার প্রভাব বারবার বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলোতে অনুভূত হচ্ছে।
ঘুমধুম ইউনিয়নের স্থানীয় সংবাদকর্মী মো. কফিল উদ্দিন বলেন, "রাত ১১টার পর থেকে একের পর এক বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে উঠছিল। গভীর রাতে এমন শব্দে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।" বর্তমানে ওই সীমান্ত এলাকার মিয়ানমার অংশ আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত সীমান্তের ওপারে ক্ষয়ক্ষতির কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।











