মীরসরাই উপজেলা সদরে সরকারি রাস্তা নির্মাণে জটিলতা নিরসনে প্রশাসনের উদ্যোগ

মীরসরাই পৌর সদরের একটি সরকারি সড়ক পুনঃনির্মাণকে ঘিরে দীর্ঘদিন ধরে চলা জটিলতা ও ভোগান্তির অবসানে অবশেষে উদ্যোগী হয়েছে প্রশাসন। এই সড়কে একটি পক্ষের বিতর্কিত মালিকানা দাবিকে কেন্দ্র করে নির্মাণকাজ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট ঠিকাদার। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছায়।
বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হলে সমাধানের লক্ষ্যে জরুরি সভা আহ্বান করেছে মীরসরাই প্রশাসন। আগামী ২২ ডিসেম্বর বিকেলে মীরসরাই পৌরসভা কার্যালয়ে ওই সড়ক দিয়ে চলাচলকারী বাসিন্দা এবং রাস্তার মালিকানা দাবি করা ব্যক্তিদের নিয়ে এই সভায় উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন মীরসরাই পৌরসভার প্রশাসক আলাউদ্দিন কাদের।
পৌরসভা প্রশাসকের দেওয়া নোটিশ অনুযায়ী, মীরসরাই পৌরসভায় কোভিড-১৯ (এলজিসিআরআরপি) প্রকল্পের আওতায় চাঁদপুর-গোভনীয়া প্রধান সড়ক হতে ইঞ্জিনিয়ার ইব্রাহিমের বাড়ি পর্যন্ত রাস্তার (উপজেলা ভূমি অফিস সংলগ্ন) নির্মাণকাজ এবং ভূমি সংক্রান্ত সৃষ্ট জটিলতা নিরসনের জন্য ২২ ডিসেম্বর বিকাল চারটায় মীরসরাই পৌরসভা কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে। সকল পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে ওই নোটিশে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং মীরসরাই পৌরসভা প্রশাসক আলাউদ্দিন কাদের বলেন, “সরকারি রাস্তা নির্মাণকাজ শুরু হলে একটি পক্ষ ওই জায়গা নিজেদের বলে দাবি করছে। বিষয়টি নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। আশা করছি দ্রুত সড়কটির নির্মাণকাজ শুরু হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, পৌর সদরের ওই সড়কটি পুনঃনির্মাণের কাজ শুরু হলে একটি পক্ষ মালিকানা ও অন্যান্য বিতর্কিত দাবি তুলে দীর্ঘদিন ধরে নির্মাণকাজে বাধা দেয়। এতে করে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের সময়োপযোগী সিদ্ধান্তের অভাবেই এই সংকট দীর্ঘায়িত হয়েছে।
ভুক্তভোগীরা জানিয়েছেন, সড়ক নির্মাণকে কেন্দ্র করে একটি চক্র পরিকল্পিতভাবে নিয়মিত চাঁদাবাজি করছে। পাশাপাশি প্রাণনাশের হুমকি, মিথ্যা মামলা ও হামলার ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এসব অনিয়ম ও অপরাধের বিষয়ে প্রশাসনের কাছে একাধিকবার লিখিত আবেদন জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এই পরিস্থিতিতে ভুক্তভোগী পরিবারের পক্ষে কর আইনজীবী প্রিয় দে চাঁদাবাজি, মিথ্যা মামলা ও হামলার প্রতিবাদে এবং ন্যায়বিচারের দাবিতে আগামী ২৩ ডিসেম্বর মীরসরাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে মীরসরাই প্রশাসনের ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
তবে সমালোচনার মধ্যেই প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে প্রশাসন। সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করার উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন।
এ প্রসঙ্গে আইনজীবী প্রিয় দে বলেন, “এটি নিঃসন্দেহে মীরসরাই প্রশাসনের একটি ভালো উদ্যোগ। আমার প্রতিবাদ কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং ন্যায় ও সুবিচারের দাবিতে। প্রশাসন যদি নিজ উদ্যোগে এই সমস্যার স্থায়ী সমাধান করে, সেটিই হবে আমার প্রতিবাদের প্রকৃত সাফল্য।”
স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, জরুরি সভার মাধ্যমে প্রশাসন দ্রুত ও নিরপেক্ষ সিদ্ধান্ত নেবে এবং সরকারি সড়ক নির্মাণে সব ধরনের অবৈধ বাধা অপসারণ করবে। এতে জনদুর্ভোগ লাঘব হবে এবং প্রশাসনের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার হবে।












