মুক্তিযোদ্ধা রিভার ভিউ পার্কে শোভাবর্ধন কাজ বাস্তবায়ন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

বোয়ালখালী উপজেলার মুক্তিযোদ্ধা রিভার ভিউ পার্কে শোভাবর্ধন কাজ বাস্তবায়ন, ১ নম্বর ওয়ার্ডের উন্নয়নকাজ উদ্বোধন এবং একটি প্রতিবন্ধী পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ করেছে বোয়ালখালী পৌরসভা।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে মুক্তিযোদ্ধা রিভার ভিউ পার্ক পরিদর্শন করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। এ সময় ফিতা কেটে নবনির্মিত নৌঘাট উদ্বোধন করেন তিনি।
পরে বোয়ালখালী পৌরসভার কধুরখীল ১ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন ধরে ঝড়-বৃষ্টিতে মানবেতর জীবনযাপন করা প্রতিবন্ধী শ্যামল দাশ ও নির্মল দাশের হাতে বোয়ালখালী পৌরসভার অর্থায়নে নির্মিত নতুন ঘরের চাবি ও দায়িত্ব বুঝিয়ে দেন পৌর প্রশাসক এবং বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
এ সময় দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য শওকত আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, ইউপি সদস্য এনামুল হক সজীব, পৌর প্রকৌশলী মৃণাল কান্তি ধর, উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।












