মেরিন ড্রাইভ সড়কে এনজিও গাড়ি ও সিএনজির সংঘর্ষ: চালকসহ আহত- ৫

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর এলাকায় এনজিওর গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি চালক মুন্নাসহ বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুরের ছেপটখালী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফমুখী বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) একটি গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়েন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে অটোরিকশা চালক মুন্নার নাম জানা গেছে। আহত অন্য যাত্রীদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও জানা গেছে যে, তারা সবাই টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর পর স্থানীয় উৎসুক জনতা ও পথচারীরা উদ্ধারকাজে অংশ নেন। এনজিওর গাড়িটি এবং ক্ষতিগ্রস্ত সিএনজিটি বর্তমানে পুলিশি হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে। মেরিন ড্রাইভের মতো গুরুত্বপূর্ণ সড়কে দ্রুতগতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উখিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত ইনচার্জ দিদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও গাড়ি দুটি জব্দ করা হয়েছে।












