মোবাইল হস্তান্তরের আগে নিবন্ধন বাতিলের নির্দেশ বিটিআরসির

ব্যবহৃত মোবাইল ফোন হস্তান্তর বা বিক্রির আগে সেটির নিবন্ধন (ডি-রেজিস্ট্রেশন) বাতিল করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালুর ফলে দেশে ব্যবহৃত সকল সচল হ্যান্ডসেট বর্তমানে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত রয়েছে। এখন থেকে কোনো ফোন অন্যকে ব্যবহার করতে দেওয়া বা বিক্রির আগে সংশ্লিষ্ট হ্যান্ডসেটটি ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে অবমুক্ত করতে হবে।
বিটিআরসি জানায়, ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য সিম ক্রয়ের সময় ব্যবহৃত এনআইডি বা পাসপোর্টের শেষ চারটি সংখ্যা প্রয়োজন হবে। মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত এবং অবৈধ বা চোরাই হ্যান্ডসেট ব্যবহার বন্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে বিটিআরসির ওয়েবসাইট (neir.btrc.gov.bd) ভিজিট করতে বলা হয়েছে। এ ছাড়া যেকোনো জিজ্ঞাসায় বিটিআরসির কল সেন্টার '১০০' অথবা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে সহায়তা নেওয়া যাবে।











