রাউজানে আবার দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

চট্টগ্রামের রাউজানে ফের গুলির ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ করিম উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারপাড়া এলাকার আরবান আলী বাড়ির মো. মান্নানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, করিমের বুকে গুলি করে হত্যা করা হয়। পরে তাঁর মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের দাবি, কেরানিহাটে করিমকে লক্ষ্য করে গুলি চালিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের হাজী আবদুল মান্নানের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি ছিলেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, গত ৫ আগস্টের পর থেকে এ নিয়ে রাউজানে ২৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগের ঘটনাগুলোর সঙ্গে বর্তমান হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্তের বিষয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, "করিমকে গুলি করে হত্যা করা হয়েছে। কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে তার বিভিন্ন অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডের পর কেরানিহাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে হত্যার কারণ ও জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।"











