রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: জুড়াছড়িতে বিশুদ্ধ পানির প্রকল্প উদ্বোধন

পার্বত্য চট্টগ্রাম তথা পূর্ব চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার জুড়াছড়ি উপজেলার অত্যন্ত দুর্গম শৈয়ালপাড়া ও থাচিপাড়ায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের কষ্ট লাঘবে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে রাঙ্গামাটি রিজিয়নের জুড়াছড়ি জোনের বিশেষ ব্যবস্থাপনায় এবং সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে এই জনকল্যাণমূলক প্রকল্পটি সফলভাবে চালু করা হয়।
উল্লেখ্য যে, পার্বত্য অঞ্চলে সশস্ত্র দলগুলোর আধিপত্য খর্ব করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে গত ২৫ নভেম্বর ২০২৫ তারিখ থেকে সীমান্তবর্তী ও দুর্গম এলাকাগুলোতে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলমান রয়েছে। এই অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা শৈয়ালপাড়া ও থাচিপাড়ার বাসিন্দাদের চরম পানি সংকটের বিষয়টি প্রত্যক্ষ করেন। ভৌগোলিক প্রতিকূলতার কারণে স্থানীয়দের প্রায় ৪০০ থেকে ৬০০ ফুট গভীর পাহাড়ি ঝিরি থেকে পানি সংগ্রহ করতে হতো, যা ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ।
এলাকাবাসীর এই মানবিক দুর্ভোগের কথা বিবেচনা করে আভিযানিক কার্যক্রমের পাশাপাশি সেনাবাহিনী দ্রুত পানির সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করে। নবনির্মিত এই প্রকল্পের আওতায় দুটি পৃথক পানির পয়েন্ট স্থাপন করা হয়েছে। এর ফলে শৈয়ালপাড়ার ১৬টি পরিবারের প্রায় ৬০ জন এবং থাচিপাড়ার ৭৫টি পরিবারের প্রায় ২০০ জন মানুষ এখন তাদের বসতবাড়ির কাছেই সহজে বিশুদ্ধ ও নিরাপদ পানি পাচ্ছেন।
এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এমন জনহিতকর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











