রাজস্থলীতে চাকা ফেটে সিএনজি অটোরিকশা উল্টে যাত্রী গুরুতর আহত

রাঙামাটির রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন মতিপাড়া এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সৌরভ লাল তনচংঙ্গা (২৮) নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে রাজস্থলী-লিচুবাগান সড়কের মতিপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহত সৌরভ লাল তনচংঙ্গা রাজস্থলী উপজেলার বাসিন্দা চিত্ত লাল তনচংঙ্গার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে রাজস্থলী থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা লিচুবাগানের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে মতিপাড়া এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় অটোরিকশাটির একটি চাকা আকস্মিক ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সড়কের ওপর উল্টে যায় এবং ওই যাত্রী গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পরপরই চালক ও স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত লিচুবাগান মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন।
দুর্ঘটনার পর এলাকায় কিছুক্ষণ আতঙ্ক বিরাজ করলেও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। সংশ্লিষ্ট থানা পুলিশ বিষয়টি অবগত রয়েছে বলে জানা গেছে।











