রাজস্থলীতে ধানের শীষের প্রচার শুরু, ৩১ দফার লিফলেট বিতরণ

জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনে রাঙামাটির রাজস্থলী উপজেলায় গণসংযোগ ও মিছিল করেছে বিএনপি। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতীকের সমর্থনে এই কর্মসূচি পালিত হয়।
বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মিছিল শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আয়োজিত সমাবেশে সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত '৩১ দফা' সম্বলিত লিফলেট এবং রাঙামাটি-২৯৯ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের হ্যান্ডবিল বিতরণ করা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ। তিনি বলেন, “আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলছি। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।”
আইয়ুব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা, জেলা বিএনপির সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অরুণ সেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল। সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।











