রাজস্থলীতে বৌদ্ধ ধর্মগুরু উঃ খেমাচারা মহাথেরের ১০ম আচারিয়া পূজা অনুষ্ঠিত

রাঙামাটির রাজস্থলী উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা উপাধিপ্রাপ্ত বৌদ্ধ ধর্মগুরু উঃ খেমাচারা মহাথেরের ১০ম আচারিয়া (গুরু) পূজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে উপজেলার বাঙ্গালহালিয়া নাইক্যছড়া আগাপাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে এই পূজা সম্পন্ন হয়।
বাঙ্গালহালিয়া আগাপাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে প্রধান আকর্ষণ ছিলেন আগাপাড়া বৌদ্ধ কল্যাণ অনাথালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক উঃ খেমাচারা মহাথের। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত নাইধিয়া থের, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচপ্রু মাস্টার, রাজস্থলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা এবং নাগিন্দ্যা ভিক্ষুসহ তিন পার্বত্য জেলার বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ।
সকাল থেকেই তিন পার্বত্য জেলার বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা বিহার প্রাঙ্গণে সমবেত হন। অনুষ্ঠান চলাকালে বিভিন্ন বিহারের অধ্যক্ষ, ভিক্ষু ও দায়ক-দায়িকাবৃন্দ উঃ খেমাচারা মহাথেরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সিভরাদি ও বিবিধ দানীয় সামগ্রী প্রদান করেন। দিনব্যাপী এই আয়োজনে বিশেষ প্রার্থনা, ধর্মদেশনা এবং জগতের সকল প্রাণীর সুখ ও শান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয়।
বক্তারা উঃ খেমাচারা মহাথেরের ধর্মীয় ও সমাজসেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।











