রাজস্থলীতে রূপাজয়ী টেনিস তারকা খই খই সাই মারমার বাড়িতে জেলা প্রশাসক

সৌদি আরবে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসে রুপা জয়ী খই খই সাই মারমার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। বুধবার দুপুরে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুর্গম পাহাড়ি এলাকায় অ্যাথলেটের নিজ বাড়িতে গিয়ে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক খই খই সাই মারমা এবং তাঁর বাবা ক্যহ্লাখই মারমার সঙ্গে কথা বলেন এবং তাঁদের পারিবারিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় জেলা প্রশাসক আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করায় খই খইয়ের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।
জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, “পাহাড়ি অঞ্চলের সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও আন্তর্জাতিক পর্যায়ে এমন অর্জন রাঙামাটি জেলা ও সমগ্র দেশের জন্য অত্যন্ত গর্বের। খই খই সাই মারমার ভবিষ্যৎ ক্রীড়া জীবনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও অনুপ্রেরণা অব্যাহত থাকবে।”
সাক্ষাৎকারে আরও উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগির হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক কঙ্কনা প্রভা। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংবাদকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।











