রাজস্থলীতে সরকারি সেবা ও ভোটাধিকার বিষয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত

রাঙামাটির রাজস্থলী উপজেলায় ‘তথ্য আপা’ প্রকল্পের আওতায় সরকারি সেবাপ্রাপ্তি ও ভোটাধিকার বিষয়ে সচেতনতামূলক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের হলুদিয়া পাড়ায় কারিতাস বাংলাদেশের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার। তিনি তৃণমূলের নারীদের সরকারি বিভিন্ন দপ্তরের সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে সচেতন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "সরকারি সেবা পেতে কোনো ধরনের সমস্যা বা হয়রানির শিকার হলে ভুক্তভোগীদের সরাসরি উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রশাসন সবসময় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত।"
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া জাতীয় নির্বাচন ও গণভোটে সঠিক পদ্ধতিতে ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে রাজস্থলী উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুই মারমা ও কারিতাস রাজস্থলী উপজেলার মাঠ কর্মকর্তা মো. মামুন শিকদারসহ সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, স্থানীয় বিভিন্ন পাড়ার ৬০ জন নারী এই সেশনে অংশগ্রহণ করেন। সচেতনতামূলক আলোচনার পাশাপাশি তথ্য আপা কার্যক্রমের আওতায় ১৫ জন উপকারভোগীকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।











