রাজস্থলীতে ৫ দিনব্যাপী বিদর্শন ভাবনা কর্মশালা সম্পন্ন

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কুদুমছড়া বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে পাঁচ দিনব্যাপী বিদর্শন ভাবনা কর্মশালা। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে তিন পার্বত্য জেলার প্রায় দেড় শতাধিক উপাসক-উপাসিকার অংশগ্রহণে এই কর্মশালার সমাপ্তি ঘটে।
রাজস্থলী 'দি বুদ্ধ শাসনা হিতকারী অ্যাসোসিয়েশন'-এর ব্যবস্থাপনায় গত ৫ জানুয়ারি থেকে এই আধ্যাত্মিক কর্মসূচি শুরু হয়। সমাপনী দিবসের সকালে কুটুরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভিক্ষু সংঘের পিন্ডচরণ ও পিন্ডদান অনুষ্ঠিত হয়। জগতের সকল প্রাণীর হিতসুখ ও চিত্তের শুদ্ধি কামনায় বিদর্শন ভাবনা পরিচালনা করেন মিয়ানমার সরকার কর্তৃক 'আগ্গ মহা সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা' উপাধিপ্রাপ্ত প্রখ্যাত ধর্মগুরু ভদন্ত কিত্তিমা মহাথের।
কর্মশালায় অংশ নেওয়া উপাসক-উপাসিকারা জানান, বিদর্শন ভাবনার মাধ্যমে আত্মশুদ্ধি ও মনের কলুষতা দূর করা সম্ভব। তবে বিহারের মনোরম পরিবেশ সত্ত্বেও পর্যাপ্ত শৌচাগার, মাঠ সংস্কার ও আবাসন সরঞ্জামের সংকটের কথা উল্লেখ করেন তারা। বিহারের অবকাঠামোগত উন্নয়নে তারা রাঙামাটি জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন।
কুদুমছড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত চাইন্দাসারা ভিক্ষু জানান, যথাযথ সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলে এই বিদর্শন ভাবনা কর্মশালার পরিধি আরও বিস্তৃত করা সম্ভব হবে। সমাপনী অনুষ্ঠানে বিহার পরিচালনা কমিটির সভাপতি উসাচিং মারমা ও সাধারণ সম্পাদক মংসিনু মারমাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।












