রামগড়ে পাহাড় কেটে স্থলবন্দর ভরাটের অভিযোগ তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

খাগড়াছড়ির রামগড়ে পাহাড় কেটে স্থলবন্দরের জমি ভরাটের অভিযোগ তদন্তে মাঠে নেমেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কমিটি। আজ শনিবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের নির্দেশে গঠিত ৬ সদস্যের এই তদন্ত কমিটি সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
তদন্ত কমিটির আহ্বায়ক ও নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে কমিটির সদস্যরা বন্দরের ভরাটকৃত মাটি এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কাটা পাহাড়গুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। এসময় তাঁরা সংগৃহীত মাটির নমুনা পরীক্ষা ও কারিগরি দিকগুলো খতিয়ে দেখেন।
তদন্ত কমিটির সাথে প্রকল্প এলাকায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব রাসনা শারমিন মিথি, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মনিকো লিমিটেডের কর্মকর্তাবৃন্দ। এর আগে গত শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে আরও একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল একই অভিযোগের প্রেক্ষিতে এলাকাটি পরিদর্শন করেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় গৃহীত রামগড় স্থলবন্দর নির্মাণ প্রকল্পের জন্য জমি ভরাটের কাজ চলাকালে স্থানীয় বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে অসংখ্য পাহাড় কাটার অভিযোগ ওঠে। বর্তমানে প্রকল্পটির কাজ শেষ পর্যায়ে এবং ভরাটকৃত জমির ওপর স্থলবন্দর কর্তৃপক্ষের বেশ কিছু স্থাপনা ও টার্মিনাল নির্মাণ করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।











