রামুতে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কক্সবাজারের রামুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রামু উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ ও সদস্য সচিব আবুল বশর বাবুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়ে প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দোয়া মাহফিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র রক্ষায় তাঁর দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর মৃত্যুতে দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
আলোচনা সভা শেষে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। শোকের চিহ্ন হিসেবে এদিন উপস্থিত সকল নেতাকর্মী ও সাধারণ মানুষ কালো ব্যাজ ধারণ করেন। একই সাথে রামুতে সাত দিনব্যাপী শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল ছাড়াও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।












