রামুতে চলন্ত ট্রাক্টর থেকে পড়ে যুবকের মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে চলন্ত ট্রাক্টরে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে মোহাম্মদ আসিফ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ইউনিয়নের মৌলভীর কাটা আল গিফারী মাদ্রাসা সংলগ্ন বিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ স্থানীয় মৌলভীর কাটা গ্রামের মোহাম্মদ তোফাইলের ছেলে। তিনি কচ্ছপিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের ৮ নম্বর ওয়ার্ডের কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বিলে ট্রাক্টর দিয়ে জমি চাষের কাজ চলছিল। এসময় চলন্ত ট্রাক্টরটিতে উঠতে গিয়ে পা পিছলে এর ভেতরে পড়ে যান আসিফ। এতে ট্রাক্টরের যন্ত্রাংশের আঘাতে শরীর ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রামু থানার গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মুহাম্মদ জুয়েল চৌধুরী জানান, ট্রাক্টরটিতে দুইজন চালক কাজ করছিলেন। এক চালক বিরতিতে যাওয়ার সময় আসিফ চলন্ত অবস্থায় ট্রাক্টরটিতে উঠতে গেলে পা পিছলে চাকার ফাঁকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
নিহতের বাবা তোফাইল আহমদ বলেন, "ঘটনাটি আমার চোখের সামনেই ঘটেছে। চলন্ত অবস্থায় উঠতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে কারও কোনো দায় নেই।"
উপজেলা জামায়াতের স্থানীয় নেতা মুহাম্মদ তৈয়ব উল্লাহ আসিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তিনি অত্যন্ত শান্ত ও পরিশ্রমী যুবক ছিলেন। কয়েকমাস আগেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।












