রামুতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

রামুতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

রামুতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা
ছবি সংগৃহীত।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের রামুতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রামুর হিমছড়ি কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ উদ্যোক্তা, খামারি, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজন করে রামু উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।




সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে কক্সবাজারে জামায়াতের বিক্ষোভ

সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে কক্সবাজারে জামায়াতের বিক্ষোভ
ছবি সংগৃহীত।

দেশজুড়ে আওয়ামী সন্ত্রাসীদের নাশকতা ও সহিংসতা এবং আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ করেছে কক্সবাজার জেলা জামায়াত। 

২৬ নভেম্বর বিকালে পাবলিক হল মাঠে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, দেশজুড়ে আওয়ামী সন্ত্রাসীদের নাশকতা, অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট আওয়ামীলীগের চিরাচরিত অভ্যাস। বিগত সতেরো বছর জনগণের উপর চরম জুলুম-নির্যাতন, গুম-খুন ও লুটপাট করে পালিয়ে যাওয়া আওয়ামী সন্ত্রাসীরা দেশে আবারো ভয়ের রাজত্ব সৃষ্টি করে স্বার্থসিদ্ধির অপচেষ্টা চালাচ্ছে। আমরা হুশিয়ারি উচ্চারণ করে জানিয়ে দিতে চাই, দেশের মুক্তিকামী ও আধিপত্যবাদ বিরোধী ছাত্র-জনতা এখনো জাগ্রত রয়েছে। 

তিনি বলেন, জুলাই শহীদের তাজা রক্ত এখনো দগ-দগ করছে। গণহত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের শাস্তির মুখোমুখি না হওয়া পর্যন্ত তাদের কোন আস্ফালন ও অপতৎপরতা দেশের মানুষ মেনে নিবে না।

জেলা আমির বলেন, বিশেষ পরিস্থিতিতে জনগণের অভিপ্রায়ের আলোকে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গঠিত হয়েছে। জাতীয় নির্বাচনের দিন একইসাথে দুইটি ভোট অনুষ্ঠিত হলেও বিএনপি সংখ্যাগরিষ্টতা পেয়ে সরকার গঠন করে গণভোটের রায় মেনে নেয়নি এবং গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণরায় কে পাশ কাটিয়ে গিয়েছে। 

অধ্যক্ষ আনোয়ারী বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে দেশের শাসন কাঠামোতে নতুন ধারা সৃষ্টি হলে আওয়ামী সন্ত্রাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য তৈরিতে কালক্ষেপন হতো না। সরকার এক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা অবিলম্বে সরকারকে ঐক্যৈবদ্ধভাবে সংকট মোকাবেলায় গণভোটের গণরায় বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, রামু উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা মুহাম্মদ রফিক, শহর জামায়াতের নায়েবে আমীর শহিদুল আলম বাহাদুর, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আমিনুল ইসলাম হাসান, সেক্রেটারি মুহাম্মদ মুহসিন, শহর জামায়াতনেতা রফিকুল্লাহ মুকুল। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, কক্সবাজার সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল পাবলিক হল থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালুর দোকান স্টেশনে গিয়ে সমাপ্ত হয়।




আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলেকে ফেরত আনলো বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলেকে ফেরত আনলো বিজিবি
ছবি সংগৃহীত।

বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে মায়ানমার আরাকান আর্মির হাতে আটক ৪১ জন জেলেকে মানবিক দিক বিবেচনায় আবারো ফেরত আনলো বিজিবি।
২৬ নভেম্বর বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যলাইন হতে আরাকান আর্মির নিকট থেকে মোট ৪১ জন জেলেকে গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে ফিরিয়ে নিয়ে আসে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক
লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম চৌধুরী জানান, বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশ্যে গমনকৃত বেশকিছু বাংলাদেশী জেলে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মায়ানমারের জলসীমায় প্রবেশ করলে তাদেরকে মায়ানমারের আরাকান আর্মি আটক করে নিয়ে যায়। পরবর্তীতে, আটককৃত জেলেদের মায়ানমারের অভ্যন্তরে সংশ্লিষ্ট সংগঠনের নিয়ন্ত্রিত স্থানে অথবা জেলখানায় সাজা দিয়ে আটক অবস্থায় রাখা হয়।
উদ্ভূত পরিস্থিতিতে জেলে পরিবারের দিকে তাকিয়ে মানবিক বা হিউমানেটেরিয়ান দিক বিবেচনায় বিজিবি এই উদ্ধার কার্যক্রম করে যাচ্ছে। মানবিক বিবেচনাকে অগ্রাধিকার প্রদান করে বর্ডার গার্ড বাংলাদেশের উদ্যোগের ফলে আটক জেলেদের ধাপে ধাপে প্রত্যাবর্তনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়।
ইতোমধ্যে স্থানীয় উপজেলা প্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করার কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে দেশে ফিরিয়ে আনা জেলেদের তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ সফল উদ্যোগের ফলে আটক জেলেদের পরিবার-পরিজনের মাঝে স্বস্তি ও আশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। 
২ বিজিবি অধিনায়ক জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে আটক জেলেদের প্রত্যাবর্তন একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। আজ প্রত্যাবর্তনকৃত ৪১ জনসহ চলতি ২০২৬ সালে এ পর্যন্ত সর্বমোট ৩২৩ জন আটক জেলেকে বিজিবির উদ্যোগ ও প্রচেষ্টায় মায়ানমার থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। 
উল্লেখ্য, ইতোপূর্বে আটককৃত ৩২৩ জনের মধ্যে অধিকাংশ জেলে গভীর সমুদ্র থেকে ফেরার পথে আটক হয় এবং পরবর্তীতে বিজিবি তাদের ফিরিয়ে নিয়ে আসে। অবশিষ্ট আটক জেলেদের নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) আরো বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। মানবিক সংকট মোকাবেলায় বিজিবি’র পেশাদারিত্ব, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতে বিজিবি’র পক্ষ হতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের সম্মানিত মহাপরিচালকের ভিশন “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ প্রত্যয় বুকে ধারন করে আমরা আন্তরিকতার সাথে দেশের সার্বভৌমত্ত রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইনশাহআল্লাহ, আমাদের প্রিয় মাতৃভূমির প্রতিটি জনগনের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সংবিধান ও আইনের আলোকে আমাদের উপর অর্পিত সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাব।




চকরিয়ায় ২ ডজনের বেশি মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার তৌহিদ গ্রেপ্তার

চকরিয়ায় ২ ডজনের বেশি মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার তৌহিদ গ্রেপ্তার
ছবি সংগৃহীত।

কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার ও চাঞ্চল্যকর গিয়াস উদ্দিন অপহরণ-পরবর্তী হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদ ডাকাতকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল, লুণ্ঠিত একটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল ও তিনটি সোনালি রঙের ইমিটেশনের চেইনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের (পিপিএম-সেবা) সার্বিক দিকনির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে চকরিয়া থানা, রামু থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ দল এ অভিযান চালায়।

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর রাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি উত্তরপাড়ায় পারভেজ মোশাররফের বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির নেতৃত্ব দেন তৌহিদ। এ ছাড়া একই রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় আলী আকবরের বাড়িতে ডাকাতির মামলারও আসামি তিনি।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মাতামুহুরী সেতুর ওপর গিয়াস উদ্দিনের পথরোধ করা হয়। অভিযোগ রয়েছে, তৌহিদসহ অন্য আসামিরা একটি গাড়ি দিয়ে তাঁর মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ফেলে মারধর করেন। পরে স্টিলের টর্চ দিয়ে মাথায় আঘাত করে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণ করা হয়। পরে তাঁকে হত্যা করে মাতামুহুরী সেতুর ওপর মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী জান্নাতুল নাঈম আফসানা বাদী হয়ে মামলা করেন।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তৌহিদুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবান জেলার বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, অপহরণ, ছিনতাই, চুরি, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ২৫টিরও বেশি মামলা রয়েছে। চকরিয়া থানায় তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানাও মুলতবি ছিল।

পুলিশের দাবি, তৌহিদের অপরাধজগতের সঙ্গে তাঁর পরিবারের কয়েকজন সদস্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাঁর ছোট ভাই জাহেদুল ইসলাম ওরফে জাহেদ ডাকাতের বিরুদ্ধেও অপরাধী চক্রের সঙ্গে জড়িত থাকার তথ্য রয়েছে। তৌহিদের নেতৃত্বে প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত বাহিনী সক্রিয় রয়েছে এবং ডাকাতির অর্থ দিয়ে তিনি সদস্যদের বাড়িঘর ও সম্পদ গড়ে তুলতে উৎসাহিত করতেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া ডাকাতির অর্থে চকরিয়ার কাকারা ইউনিয়নের উত্তর লোটনী এলাকায় তিনতলা বাড়ি এবং বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি নির্মাণের তথ্য পেয়েছে পুলিশ। চকরিয়া, কক্সবাজার সদর ও চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকায় নিজের, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে গড়ে তোলা সম্পদের বিষয়েও অনুসন্ধান চলছে।

চকরিয়া থানার ওসি আরিফুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের এই সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। জননিরাপত্তা বিঘ্নকারী সংঘবদ্ধ ডাকাত দল, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।