রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২

কক্সবাজারের রামুতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকার মৃত শফি আলমের ছেলে মেহেদী হাসান (২০) ও বাদশা মিয়ার ছেলে জসিম উদ্দিন (২২)।
পুলিশ জানায়, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল লামারপাড়া এলাকার মসজিদ পুকুর পাড়ে অভিযান চালায়। সেখানে ১০ থেকে ১৫ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও মেহেদী ও জসিমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি লম্বা কিরিচ, তিনটি ছুরি, দুটি দা, দুটি হাতুড়ি, একটি চাইনিজ কুড়াল, একটি তালা কাটার যন্ত্র ও তিনটি প্লাসসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক অন্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।












