রামুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা উদ্ধার, ১০ বছর ধরে ব্যবহৃত হতো ধোয়ার কাজে

কক্সবাজারের রামুতে পুকুর থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বিশালাকার অবিস্ফোরিত বোমা দীর্ঘ এক দশক ধরে কাপড় ধোয়ার কাজে ব্যবহার করেছেন স্থানীয়রা। উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকার তচ্ছাখালীতে সন্ধান মেলা এই বোমাটি বর্তমানে নজরদারিতে রেখেছে পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, প্রায় ১০ বছর আগে স্থানীয় এক ব্যক্তি পুকুর থেকে সিলিন্ডার আকৃতির এই বস্তুটি তুলে পাড়ে রাখেন। এরপর থেকে গ্রামবাসীরা এর ওপর আছাড় দিয়ে কাপড় ধোয়ার কাজ করতেন। সম্প্রতি এক সচেতন নাগরিকের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং এর চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, “প্রাথমিক পর্যবেক্ষণে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি সেনাবাহিনীকেও অবহিত করা হয়েছে। বর্তমানে বোমাটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।”
এর আগে গত ২৩ জানুয়ারি ইতিহাস গবেষক আইনজীবী শিরূপন বড়ুয়া বস্তুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে জনমনে কৌতূহল সৃষ্টি হয়। তিনি জানান, এটি জাপানি প্রযুক্তিতে তৈরি বোমা হওয়ার সম্ভাবনা বেশি। রামুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি হিসেবে এটি সংরক্ষণ করা যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন। বর্তমানে পুরো এলাকা পুলিশের নজরদারিতে রয়েছে।










