রামুতে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সাঙ্গুর রজতজয়ন্তী উদযাপন

কক্সবাজারের রামুতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃহত্তর চট্টগ্রামের পাঠকপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক সাঙ্গু’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রামু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও শীতবস্ত্র বিতরণের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
দৈনিক সাঙ্গুর সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দৈনিক সাঙ্গু গত ২৫ বছর ধরে অসহায় ও নির্যাতিত মানুষের ভরসাস্থল হিসেবে কাজ করছে। এই পত্রিকা রামুর মাটি ও মানুষের কথা বলে। আগামীতেও এ অঞ্চলের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে সাঙ্গু প্রতিশ্রুতিবদ্ধ।”
দৈনিক সাঙ্গুর রামু প্রতিনিধি কামাল শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুজন-এর উপজেলা সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ, বিশিষ্ট সমাজসেবক নুরুল আলম সোনা মিয়া এবং রামু প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম. আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক সাঙ্গু চট্টগ্রাম ও কক্সবাজারের পাঠকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আলোচনা সভা শেষে অসহায় ও হকারদের মাঝে কম্বল বিতরণ করা হয়। রামু প্রেস ক্লাবের প্রচার সম্পাদক হাফেজ আবুল মনজুরের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।












