রামুতে সিএনজি-ডাম্পার সংঘর্ষে কিশোর নিহত, আহত ৪

কক্সবাজারের রামুতে সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্পারের (মিনি ট্রাক) সংঘর্ষে মো. কাজল (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
নিহত কাজল উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল এলাকার নুরুল আমিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তেচ্ছিপুল বাজার এলাকায় যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী দ্রুতগামী একটি ডাম্পারের সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা কাজলসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাজলের মৃত্যু হয়। আহত বাকি চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রামু থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ডাম্পারটি শনাক্ত ও আইনি প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।










