রামুতে হত্যা মামলার প্রধান আসামি সিলেটে গ্রেফতার

কক্সবাজারের রামু উপজেলার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি আক্তার কামাল (৪২)-কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে সিলেট মহানগরীর কোতোয়ালী থানার শাহী ঈদগাহ এলাকার বিসমিল্লাহ পয়েন্টস্থ গ্রাম বাংলা টি স্টলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৫, কক্সবাজার এবং র্যাব-০৯, সিলেটের সদস্যরা।
র্যাব জানায়, গত ২৫ জুন ভোরে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে নির্মমভাবে নিহত হন মো. সৈয়দ হোসেন (৪৯)। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই আসামিকে গ্রেফতারে র্যাব-১৫ ও র্যাব-০৯ যৌথভাবে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ কার্যক্রম চালিয়ে আসছিল। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আক্তার কামাল জানান, হত্যাকাণ্ডের পর তিনি কক্সবাজার থেকে পালিয়ে সিলেট মহানগরীর শাহী ঈদগাহ এলাকায় আত্মগোপন করেছিলেন, যাতে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে থাকতে পারেন।
গ্রেফতারকৃত আক্তার কামাল রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়া টোঙ্গারডেবা এলাকার হামজা আলীর ছেলে।
র্যাব জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।










