রামুর ঈদগড় খালে ব্রিজ না থাকায় দুর্ভোগ, হাসনাকাটা-ধুমছাকাটা পারাপারে ভোগান্তিতে হাজারো মানুষ

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ধুমছাকাটা ও হাসনাকাটা এলাকার সংযোগস্থলে খালের ওপর কোনো ব্রিজ না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। ঈদগড় ইউনিয়নের সৃষ্টির পর থেকেই হাসনাকাটা, কোনারপাড়া ও পশ্চিম হাসনাকাটা এলাকার সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের যাতায়াতে এই ভোগান্তি নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রীষ্ম বা বর্ষা—উভয় মৌসুমে ওই এলাকার বাসিন্দাদের যাতায়াতে চরম প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। মাস্টার আবুল কালাম আজাদ জানান, বর্ষাকালে খালের পানি বেড়ে গেলে ভোগান্তির মাত্রা কয়েকগুণ বৃদ্ধি পায়। তখন নৌকা দিয়ে পারাপার হতে গিয়ে প্রবল স্রোতে অনেক সময় নৌকা ভেসে যায়, যার ফলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ পানিতে পড়ে দুর্ঘটনার শিকার হন। স্থানীয় ব্যবসায়ী বদিউল আলম সওদাগর ও নুরুল আমিন সওদাগর বলেন, ব্রিজ না থাকায় কৃষি পণ্যসহ বিভিন্ন মালামাল আনা-নেওয়ার ক্ষেত্রে তাঁদের অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, খালের ওপর ব্রিজ নির্মাণের আশ্বাস দীর্ঘদিনের। বিগত সময়ে অনেকেই প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়নে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। ফলে কবে নাগাদ এই ব্রিজটি নির্মিত হবে, তা নিয়ে গভীর হতাশায় দিন কাটছে হাজার হাজার মানুষের।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মুবিন আলম জানান, ব্রিজ না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এছাড়া ২ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়নসহ আরও অনেক সমস্যা রয়েছে। তিনি জনস্বার্থে দ্রুততম সময়ে ব্রিজটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।










