রামুর ছৈয়দ নূর বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে টহল দলটি একটি সন্দেহজনক ইজিবাইক থামায়। তল্লাশিতে যাত্রীর বসার সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন মোঃ সৈয়দ নূর (২২), পিতা- মোঃ হাবিব উল্লাহ, গ্রাম- দারিয়ার দিঘী, থানা- রামু, জেলা- কক্সবাজার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক পরিবহনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।











