রামু ধোয়াপালংয়ে বন বিভাগের যৌথ অভিযানে ৬০ হেক্টর সংরক্ষিত বনভূমি উদ্ধার

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় ধোয়াপালং রেঞ্জের ধোয়াপালং বিটের আওতাধীন ঘোনারপাড়া, বসুর ঘোনা, বসুর নালা, সাইরেরকেল্লা মাঠ ও জুমের ছড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দিনব্যাপী এ অভিযান চালানো হয়।
অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উখিয়া দরিয়ারদীঘি বন বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ এবং রামু থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ আব্দুস সবুরসহ পুলিশ সদস্যরা।
এছাড়াও অভিযানে অংশ নেন ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা মো. তোসাদ্দেক হোসেন, কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক, পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম, ইনানী রেঞ্জ কর্মকর্তা মো. ফিরোজ আল আমিন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানসহ বিভিন্ন বিটের বিট কর্মকর্তা, বন বিভাগের কর্মচারী ও সিপিজি (CPG) সদস্যরা।
অভিযান চলাকালে অবৈধভাবে দখলকৃত সংরক্ষিত বনভূমি থেকে ২৫টি পানের বরজ, প্রায় ৩ হাজার সুপারি গাছ ও একটি টিনের ঘর উচ্ছেদ করা হয়। এর মাধ্যমে প্রায় ৬০ হেক্টর সংরক্ষিত বনভূমি অবৈধ দখলমুক্ত করা সম্ভব হয়েছে।
বন বিভাগ জানায়, সংরক্ষিত বনভূমি রক্ষা ও অবৈধ দখল প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।










