রুমার দুর্গম পাহাড়ে সাচিং প্রু জেরীর প্রচারণা, শান্তি ও উন্নয়নের অঙ্গীকার

বান্দরবানের দুর্গম পাহাড়ি উপজেলা রুমার বিভিন্ন পাড়ায় ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী। সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে রুমা-রোয়াংছড়ি সীমান্তবর্তী খিয়াং জনগোষ্ঠীর খানতামপাড়া ও রুমা বাজারসহ বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে তিনি এই প্রচারণা চালান।
প্রচারণা শেষে রুমা বাজারস্থ মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মাঠে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাচিং প্রু জেরী। তিনি বলেন, “পার্বত্য অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনা ও নিরাপত্তাহীনতায় ভুগছে। নির্বাচিত হলে পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নত পাহাড় গড়া হবে।” তিনি আরও বলেন, এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনসহ পিছিয়ে পড়া মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক মো. ওসমান গনি, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস এবং বিএনপি নেতা মশিউর রহমান মিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বাদ্যযন্ত্র ও স্লোগানে উৎসবমুখর পরিবেশে প্রার্থীর সঙ্গে যোগ দেন। সাচিং প্রু জেরী রুমা মুরং বাজারসহ বিভিন্ন পাড়ায় পথসভা ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।











