রুমা ও থানচির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ ও সম্প্রীতি সমাবেশ

বিজয়ের মাসে পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের প্রাতা পাড়ায় ১০টি পাড়ার বাসিন্দাদের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় ও শীতবস্ত্র বিতরণ করেন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (দি ম্যাজেস্টিক টাইগার্স)-এর উপ-অধিনায়ক মেজর মো. আনোয়ারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাকলাই পাড়া সেনা সাবজোন কমান্ডার কে এম নজরুল ইসলাম, থানচি ও আলীকদম উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সামরিক ও বেসামরিক পদস্থ ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র পেয়ে পাড়াবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, দুর্গম এলাকায় সেনাবাহিনীর এই মানবিক সহায়তা তাদের জীবনযাপনকে সহজতর করেছে এবং বিপদের সময় বরাবরের মতোই তারা পাশে দাঁড়িয়েছে।
পাড়া পরিদর্শনকালে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর মো. আনোয়ারুল ইসলাম তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর। তিনি আরও হুঁশিয়ারি প্রদান করেন যে, পাহাড়ের শান্তি বিনষ্টকারী কোনো সশস্ত্র দল কিংবা গোষ্ঠীর স্থান এই জনপদে নেই। পাহাড়ে যেকোনো ধরনের অন্যায়, চাঁদাবাজি, সন্ত্রাস ও রাহাজানি প্রতিহত করতে সেনাবাহিনী সদা প্রস্তুত রয়েছে। এসব অপরাধ নির্মূলে সঠিক সময়ে তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানান।











