রোহিঙ্গাদের কণ্ঠস্বর বিশ্বমঞ্চে পৌঁছে দিতে উখিয়ায় অ্যাডভোকেসি সেশন

কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভস (সিএফএলআই) ও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে ‘রোহিঙ্গা অ্যাডভোকেসি সেন্টার’ (আরএসি) পাইলট প্রকল্পের আওতায় এ সেশনের আয়োজন করে ‘আমাদের সময়ের প্রতিধ্বনি ফাউন্ডেশন’ (এএসপি)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্যাম্প ইনচার্জ মো. আব্দুর রউফ বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন ও আগামীর ভবিষ্যৎ বিনির্মাণে তাঁদের নিজস্ব কণ্ঠস্বর শক্তিশালী করা অপরিহার্য। বিশেষ করে নারী ক্ষমতায়ন ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
এএসপি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল মনজুর কাদের (অব.)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে দাতা সংস্থার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কানাডীয় হাই কমিশনের রাজনৈতিক কাউন্সিলর মার্কাস ডেভিস, সিএফএলআই সমন্বয়কারী সামেয়া করিম এবং এসডিসির প্রোগ্রাম অফিসার তানবীর উ রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনএইচসিআর প্রতিনিধি ইফতেখার বাইজিদ।
অ্যাডভোকেসি সেশনে পাঁচটি ক্যাম্পের ৮০ জন রোহিঙ্গা প্রতিনিধি অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন রোহিঙ্গা মাঝি, ইমাম, শিক্ষক, যুবনেতা ও কিশোরীরা। গ্রুপ আলোচনার মাধ্যমে তাঁরা দক্ষতা বৃদ্ধি ও ক্যাম্পের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। সভাপতির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মনজুর কাদের (অব.) বলেন, “রোহিঙ্গাদের সুপ্ত প্রতিভা ও স্বপ্নগুলো জাগিয়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”










