রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার?
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার?

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার?
ছবি সংগৃহীত।

মিয়ানমার ২০১৭ সালে দেশটির সামরিক বাহিনীর ‌‌‘জাতিগত নিধন’ অভিযানের মাধ্যমে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে ঐতিহাসিক এক রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। জাতিসংঘের এই শীর্ষ আদালত বৃহস্পতিবার প্রথমবারের মতো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করার অভিযোগে ওই রায় দিয়েছেন।

রায়ে আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেছেন, ‌‌‘‘গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদের আওতায় থাকা বাধ্যবাধকতা লঙ্ঘন করে মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।’’

বহুল আলোচিত এই মামলার রায়ে ৯ জন বিচারপতি গণহত্যার রায়ের পক্ষে একমত হয়েছেন এবং ছয়জন এর বিপক্ষে ছিলেন। বিচারকরা গণহত্যা হিসেবে রায় দেওয়া ২০১৭ সালের নৃশংস দমন-পীড়নের পর সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন।

ইউজি ইওয়াসাওয়া বলেছেন, ‘‘বাধ্যবাধকতা লঙ্ঘনের কারণে সৃষ্ট ক্ষতির জন্য রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য... যতক্ষণ না পূর্বাবস্থায় ফিরিয়ে আনার মাধ্যমে সেই ক্ষতি পূরণ করা হয়।’’

মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বাধ্য বলে আইসিজে জানালেও সুনির্দিষ্ট কোনো পরিমাণ উল্লেখ করেননি। তবে ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘‘পূর্বাবস্থায় ফিরিয়ে আনার বিষয়টি ক্ষতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যদিও ক্ষতিপূরণের পরিমাণ কিংবা পদ্ধতির প্রশ্নটি... বিচারপ্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা উচিত।’’

আন্তর্জাতিক বিচার আদালতের এই বিচারক বলেন, রায়ের দুই বছরের মধ্যে মিয়ানমারকে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। প্রতিবেদনে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে কীভাবে এই ক্ষতিপূরণ দেওয়া হবে কিংবা পূর্বাবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়া গ্রহণ করবে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে।

• মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে কী ঘটেছিল?
রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসার যোদ্ধাদের পুলিশ ফাঁড়িতে হামলার পর মিয়ানমারের সেনাবাহিনী ২০১৬ সালের অক্টোবরে রাখাইন রাজ্যে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করে এবং ২০১৭ সালের আগস্টে বৃহৎ পরিসরে অভিযান চালায়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এতে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত এবং ৭ লাখ ৪০ হাজার মানুষ বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হন।

জাতিসংঘের তদন্তকারীরা দেখেছেন, সৈন্যরা শত শত গ্রাম পুড়িয়ে দিয়েছে, ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছে এবং রোহিঙ্গা নারী, কিশোরীদের নিয়মিত ধর্ষণ ও গণধর্ষণ করেছে। এই যৌন সহিংসতা গণহত্যার উদ্দেশ্যের ইঙ্গিত দেয় বলে তদন্তকারীরা জানিয়েছেন।

সহিংসতার পর দায়ের করা মাত্র দুটি মামলায় সামরিক বাহিনী কয়েকজন সৈন্যকে দোষী সাব্যস্ত করার ঘোষণা দেয়। তবে একটি মামলায় ইন দিন গ্রামে ১০ জন রোহিঙ্গা পুরুষ ও কিশোরকে হত্যার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত সাতজন সৈন্যকে ১০ বছরের সাজা ভোগের মেয়াদ এক বছর পূর্ণ হওয়ার আগেই মুক্তি দেওয়া হয়।

এই দমন-পীড়নের অনেক আগেই, মিয়ানমার ১৯৮২ সালে স্বীকৃত ১৩৫টি জাতিগোষ্ঠীর তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেয় এবং অনেক পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করা সত্ত্বেও তাদের ‌‘অভিবাসী বাঙালি’ হিসেবে অভিহিত করে। এরপর থেকেই প্রায় সব রোহিঙ্গাকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে। যে কারণে এই রোহিঙ্গারা বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হয়েছেন।

২০২৩ সালে সেনাবাহিনীর সঙ্গে লড়াই পুনরায় শুরু হওয়ার পর থেকে আরাকান আর্মি নামের একটি জাতিগত রাখাইন সশস্ত্র গোষ্ঠী রাজ্যটির বেশির ভাগ অংশ দখল করে নেয়। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় গত আগস্টে বলেছে, উভয় বাহিনীই রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক ও পদ্ধতিগত নির্যাতন চালিয়েছে। এ সময় আরাকান আর্মির বিরুদ্ধে নির্যাতন, যৌন সহিংসতা এবং জোরপূর্বক নিয়োগের অভিযোগ করা হয়।

জাতিসংঘ বলেছে, এসব নির্যাতনের কারণে ২০২৪ সালের শুরু থেকে ১ লাখ ৫৫ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন। এ নিয়ে বাংলাদেশে পৌঁছানো শরণার্থীর সংখ্যা বেড়ে প্রায় ১২ লাখে দাঁড়িয়েছে।

প্রায় সব শরণার্থীই কক্সবাজার জেলার ছোট জনাকীর্ণ শিবিরগুলোতে বসবাস করেন; যেখানে তারা আন্তর্জাতিক সাহায্যের ওপর নির্ভরশীল। গত কয়েক বছরে এই সাহায্য ব্যাপকভাবে কমে গেছে; বিশেষ করে ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বৈদেশিক সাহায্য কমিয়ে দেওয়ার পর থেকে।

বেশির ভাগ শরণার্থী এখন কম খাদ্য রেশন পাচ্ছেন এবং অনেক শিবিরের স্কুল বন্ধ হয়ে গেছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার সতর্ক করে বলেছেন, সাম্প্রতিক সময়ে আসা রোহিঙ্গাদের পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবার অভাব রয়েছে।

সূত্র: এএফপি, বিবিসি, আল জাজিরা।




বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের
ছবি সংগৃহীত।

বাংলাদেশসহ বিশ্বের ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ‘কাঠামোগত অতিরিক্ত শিল্প সক্ষমতা’ মোকাবিলার তথ্য জানিয়ে স্থানীয় সময় বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) এই শুল্কের ঘোষণা দেয়।

নতুন এই শুল্ক প্রস্তাবে বাংলাদেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্কের সীমা নির্ধারণের কথা বলা হয়েছে। তবে বিদ্যমান বাণিজ্য চুক্তি ও আগের শুল্ক কাঠামোর কারণে বাংলাদেশের রপ্তানি পণ্যে প্রকৃত শুল্কের বোঝা ঠিক কতটা বাড়বে, সেটি এখনও পরিষ্কার নয়।

• যেসব দেশ শুল্কের আওতায়
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’-এর আওতায় ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য চর্চার আট মাসব্যাপী তদন্ত শেষে এই শুল্ক আরোপের ঘোষণা এল।

তদন্তের আওতায় থাকা ১৬টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৪টির ওপর শুল্ক প্রস্তাব করা হয়েছে। দেশগুলো হলো, বাংলাদেশ, চীন, ভারত, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম। তদন্তের তালিকায় থাকলেও আপাতত মেক্সিকো ও নরওয়ের পণ্যে কোনো নতুন শুল্ক প্রস্তাব করা হয়নি।

• বাংলাদেশের জন্য হার ও শর্ত কী
মার্কিন ফেডারেল রেজিস্টারের বিজ্ঞপ্তি ও ইউএসটিআরের তথ্য বলছে, নতুন এই প্রস্তাবে ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান ও থাইল্যান্ডের পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব করা হয়েছে। ভিয়েতনামের ক্ষেত্রে এই হার সর্বোচ্চ ৩৫ শতাংশ (চুক্তি হলে ২০ শতাংশ) এবং চীনের পণ্যে অতিরিক্ত ২০ শতাংশ (আগের শুল্কসহ মোট ৪০ শতাংশ পর্যন্ত) ধরা হয়েছে।

তবে ইউএসটিআর বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য সমঝোতা অনুযায়ী বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের ক্ষেত্রে শুল্কের সর্বোচ্চ সীমা ১৮ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে। আর ইইউ, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের জন্য সর্বোচ্চ ১৫ শতাংশ এবং সিঙ্গাপুরের জন্য ১০ শতাংশ শুল্ক প্রস্তাব করা হয়েছে।

• আগের শুল্কের সঙ্গে যুক্ত হবে কি?
মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেছেন, নতুন প্রস্তাবিত এই শুল্ক আগে থেকে কার্যকর থাকা কিছু শুল্কের ওপর অতিরিক্ত হিসেবে যুক্ত হবে না। বিশেষ করে জোরপূর্বক শ্রমবিরোধী আইন প্রয়োগে শিথিলতার অভিযোগে গত জুলাই মাসে বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদারের ওপর যে ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল; তার ওপর নতুন এই শুল্ক বসবে না।

এক্ষেত্রে দুটি শুল্ক হারের মধ্যে যেটি বেশি, আমদানিকারকদের সেটিই পরিশোধ করতে হবে। এ ছাড়া ইস্পাত, অ্যালুমিনিয়াম বা গাড়ির ওপর সেকশন ২৩২-এর আওতায় আরোপিত শুল্কের সঙ্গেও এটি যুক্ত হবে না।

গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের আগের বৈশ্বিক ‘লিবারেশন ডে’ পাল্টা শুল্ক বাতিল করে দেওয়ার পর গত ২৪ জুলাই থেকে বাংলাদেশি পণ্যে সেকশন ৩০১-এর আওতায় ১০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। এর সঙ্গে নিয়মিত ‘মোস্ট ফেভারড নেশন’ (এমএফএন) শুল্ক মিলিয়ে বর্তমানে অনেক বাংলাদেশি তৈরি পোশাকের ওপর ২৫ শতাংশের বেশি শুল্ক দিতে হচ্ছে।

• কী বলছে যুক্তরাষ্ট্র?
ওয়াশিংটন বলেছে, শুল্কের আওতায় আসা দেশগুলো শিল্পনীতি, ভর্তুকি এবং অ-বাজার অর্থনীতির দেশ (চীন) থেকে আমদানি করা যন্ত্রাংশ ও কাঁচামাল ব্যবহারের মাধ্যমে বাজার চাহিদার বাস্তবতা উপেক্ষা করে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি করছে। এটি মার্কিন বাণিজ্য ও শিল্পের জন্য ক্ষতিকর। দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চীনা বিনিয়োগের মাধ্যমে পণ্য উৎপাদন করে মার্কিন বাজারে প্রবেশের পথ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মার্কিন কর্মকর্তারা বলেছে, প্রস্তাবিত এই শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। ফেডারেল রেজিস্টারে বিজ্ঞপ্তি প্রকাশের পর এ বিষয়ে গণশুনানি ও জনমত গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। ফলে আগামী বছরের জানুয়ারির আগে নতুন এই শুল্ক কার্যকর হওয়ার সম্ভাবনা কম।

সূত্র: রয়টার্স, বিবিসি, ইউএসটিআর।




বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প

বাংলাদেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন ট্রাম্প
ছবি সংগৃহীত।

চাহিদার অতিরিক্ত পণ্য উৎপাদনের অভিযোগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশ এবং বাংলাদেশসহ আরও ১৫টি আলাদা দেশের বিরুদ্ধে তদন্ত করছে যুক্তরাষ্ট্র। আর এই তদন্ত শেষে আজ বুধবার (২৫ ডিসেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন।

মার্কিনিদের দাবি, অতিরিক্ত পণ্য উৎপাদন করে বাজারে পণ্য সয়লাব করে দেওয়া হয়, যা যুক্তরাষ্ট্রের নিজস্ব পণ্য ও উৎপাদনের জন্য হুমকি।

২০২৫ সালের এপ্রিলে ট্রাম্প বাংলাদেশসহ অন্যান্য দেশের রপ্তানি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেন। এরপর এসব দেশ তার সরকারের সঙ্গে আলোচনা করে শুল্ক কমায়। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এ শুল্ক বাতিল ঘোষণা করে। এরপরই শুল্ক পুনরায় চালু করতে ‘সেকশন ৩০১’- নামে একটি ধারার প্রেক্ষিতে শুল্ক আরোপ করা দেশগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেন মার্কিন কর্মকর্তারা। তারা বলেছেন, যেসব দেশ অতিরিক্ত পণ্য উৎপাদন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাসংস্থা রয়টার্স বলেছে, আজকে ট্রাম্পের এ ঘোষণার কারণে বিশ্বব্যাপী আবারও বাণিজ্যিক যুদ্ধ শুরু হবে। যার প্রভাব পড়বে সব জায়গায়।

ট্রাম্প প্রথমবার যখন শুল্ক আরোপ করেন তখন জানান বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে শুল্ক আরোপ করে রেখেছে। যার প্রেক্ষিতে তিনি পাল্টা বা পারস্পরিক শুল্ক আরোপ করেছেন।

রয়টার্সকে একটি সূত্র বলেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক নিয়ে যেসব দেশ চুক্তি করেছিল, সেগুলোর ভিত্তিতেই নতুন শুল্ক দেওয়া হবে।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতি বছরের মে মাসে ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি’ নামে ওই চুক্তি করেছিল। এরপর বাংলাদেশি পণ্যে শুল্কের পরিমাণ ১৯ শতাংশে নামিয়ে আনা হয়েছিল। যা আগেরবার ২০ শতাংশ ছিল।

যেসব দেশের ওপর শুল্ক আরোপ হতে যাচ্ছে—

চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।

সূত্র: রয়টার্স, বিবিসি




জেদ্দাসহ সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের

জেদ্দাসহ সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের
ছবি সংগৃহীত।

সৌদি আরব যদি ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলার হুমকি বাস্তবায়ন করে, তাহলে জেদ্দাসহ লোহিত সাগরের উপকূলে অবস্থিত সব সৌদি বন্দরে হামলা পরিচালনা করবে হুথি গোষ্ঠী। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ সতর্কবার্তা দিয়েছেন ইরানের মদতপুষ্ট এই ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী।

বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল সারী জেদ্দাসহ অন্যান্য বন্দরগুলোতে কর্মরত কর্মী ও শ্রমিকদের পাশাপাশি বন্দরগুলোর আশপাশের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া, শিপিং কোম্পানিগুলোকে তাদের জাহাজ সরিয়ে নিতে বলেছেন তিনি।

মঙ্গলবার রিয়াদের সর্বোচ্চ ভবন ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ারে (পিআইএফ টাওয়ার) ড্রোন হামলা করেছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। এতে অন্তত ১১ জন আহত হয়েছে। গত ২০ নভেম্বরও একই ভবনে হামলা করেছিল হুথি গোষ্ঠী।

সেই হামলার কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে সৌদি-ইয়েমেন সামরিক জোটের পক্ষ থেকে বলা হয়, ইয়েমেনের সাদা ও আমরান প্রদেশে বেশ কিছু লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, নিকট ভবিষ্যতে ইয়েমেনের হোদেইদা বন্দরকেও হামলার লক্ষ্যবস্তু করা হবে।

সৌদি জোটের এই বিবৃতির কয়েক ঘণ্টার মধ্যে জেদ্দাসহ অন্যান্য সৌদি বন্দরে হামলার হুমকি দেন ব্রিগেডিয়ার জেনারেল সারী।

উল্লেখ্য,লোহিত সাগরের উপকূলে অবস্থিত হোদেইদা ইয়েমেনের প্রধান বন্দর, এই বন্দরের মাধ্যমেই খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য হুথি-নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনে প্রবেশ করে। দীর্ঘকাল ধরে এই বন্দরটি মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য আমদানির একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

আমদানিকৃত খাদ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ইয়েমেনের লাখ লাখ মানুষের জন্য হোদেইদা বন্দর রীতিমতো একটি লাইফলাইন হিসেবে কাজ করছে বহু বছর ধরে।

২০১৬ সালে থেকে সৌদি জোটের সঙ্গে সংঘাত চলছে হুথি বাহিনীর। ২০২২ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে দু’পক্ষ একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিল। তবে গত সেপ্টেম্বরে উভয়পক্ষই চুক্তির শর্ত ভেঙে নিয়মিত একে অপরকে লক্ষ্য করে হামলা পরিচালনা করছে।

সূত্র : রয়টার্স